জলে ভাসা জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ় আর শ্রাবণ—বাংলা বর্ষপঞ্জির হিসাবে এ দুই মাস বর্ষাকাল। কিন্তু ঋতুচক্রের এ চিরায়ত নিয়ম হাওরাঞ্চলে অনেকটাই বদলে গেছে। এ অঞ্চলে কখনো বৈশাখের শেষে, আবার কখনো জ্যৈষ্ঠের শুরুতে আগাম পানি চলে আসে। তখন থেকেই হাওরাঞ্চলে বর্ষার শুরু। পানি কমতে শুরু করে কার্তিক-অগ্রহায়ণের দিকে। সে হিসাবে প্রায় আট মাস জলবন্দী থাকে এ অঞ্চলের সাতটি জেলার ৪০টি উপজেলার বাসিন্দারা। প্রায় প্রতিটি গ্রামের চারপাশে থই থই করে পানি। দ্বীপের মতো ভাসতে থাকে সবুজ-শ্যামল গ্রামগুলো। মনে হয় যেন জলে ভাসা জনপদ। কখনো মৃদুমন্দ লিলুয়া বাতাসে হাওরে ঢেউয়ের তালে দুলতে থাকে সাদা-আকাশি রঙের ফুলের কচুরিপানা। আবার কখনো জনপদ তছনছ করে দেওয়া বাতাসে প্রমত্ত হয়ে ওঠা আফাল (ঢেউ) বাড়িঘর নিমেষেই ভেঙে নিয়ে যায়।সুন্দর ও ভয়ংকর—প্রকৃতির দুই রূপের সঙ্গে যুগ যুগ ধরেই পরিচিত হাওরাঞ্চলের প্রায় দুই কোটি বাসিন্দা। ভরবর্ষায় প্রমত্ত আফালের থাবায় ঘরবাড়ির ভাঙন আর বৃষ্টিতে গ্রামে থিকথিকে জল-কাদা সঙ্গী সংকট-সংগ্রামে বেড়ে উঠছে হাওরের নতুন প্রজন্ম। আগাম বন্যা, শিলাবৃষ্টি কিংবা খরায় একমাত্র ফসল বোরো ধান পানিতে তলিয়ে গেলেও ভেঙে পড়ে না এখানকার মানুষ। বর্ষার অলস সময়ে তারা মেতে ওঠে নিজস্ব সাংস্কৃতিক উৎসবে।বর্ষাজুড়ে চলে হাওরের বাসিন্দাদের উৎসবমুখর আয়োজন। দিনে গ্রামীণ শৌখিন পুরুষেরা কারুশিল্পের নানা মাধ্যমে দক্ষ হাতে তৈরি করেন ঐতিহ্যবাহী সামগ্রী। নারীরা রান্নার কাজ শেষে সুই-সুতায় বুনন করেন রংবেরঙের নকশিকাঁথা। কিশোর-কিশোরীরা বিদ্যালয়ে মেতে থাকে কানামাছি আর মার্বেল খেলায়। সন্ধ্যার পর এ গ্রাম-ও গ্রাম থেকে ভেসে আসে ঢোল-করতাল-ঢপকি-খোলের আওয়াজ। যাত্রা, পালা, গাজীর গান, বাঘের সিন্নি, কেচ্ছাপাঠের আসর আর বাউলগানের আয়োজন চলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত।গাইন-বাইনের যৌথ সুর লহরিতে বিমুগ্ধ হয় হাওরের শ্রোতারা। সুরের অদম্য নেশায় অবিরাম রাতজাগায় হাওরের বাসিন্দাদের কোনো ক্লান্তি-শ্রান্তি নেই। হিন্দুধর্মাবলম্বী-অধ্যুষিত গ্রামগুলোতে চলে কীর্তন, পাঁচালি, পদ্মপুরাণ, নিমাই সন্ন্যাস পালা ও পাঠসহ নানা আয়োজন। বর্ষার অলস সময়ে বিয়েরও ধুম পড়ে এ অঞ্চলে। বিয়ে উপলক্ষে ধামাইল গান আর বিয়ের গীতের সুকণ্ঠী গায়িকাদেরও ব্যস্ততা বেড়ে যায়। হাওরের এ এক অপূর্ব সংস্কৃতি, অনন্য ঐতিহ্য।গানের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে চলে বিভিন্ন উৎসবমূলক প্রতিযোগিতাও। এসব প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ নৌকাবাইচ, ভাইয়াপি কুস্তি, ফুটবল খেলা ও মোরগের লড়াই। হাওর জনপদের মানুষ এখনো সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়, সহমর্মিতার হাত বাড়ায়। এখানে রাজনৈতিক রেষারেষি-হানাহানি তেমন মাথাচাড়া দেয়নি। হাওরের বাসিন্দাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রয়েছে অটুট। হিন্দু-মুসলিম, ধনী-গরিব মিলেমিশে এখনো বিভিন্ন অনুষ্ঠান-উৎসবে নির্মল আনন্দে মেতে ওঠে। হাওরাঞ্চলের নদীগুলো এখন নাব্যতা-সংকটে আগের যৌবন হারিয়েছে। দখল-দূষণে কোনো কোনো নদী মৃতপ্রায়। এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের প্রভাবে ক্রমে হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ সত্ত্বেও হাওর তার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যে আকর্ষণীয় হয়ে আছে দেশি-বিদেশি পর্যটকদের কাছে।