জহির রায়হানকে নিয়ে তথ্যচিত্র
‘মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্রে জহির রায়হানের রয়েছে অসামান্য অবদান। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ-রণাঙ্গনের ক্যামেরা হাতের চলচ্চিত্র-যোদ্ধা। বিজয়ের পর ভাই শহীদুল্লা কায়সারের খোঁজ করতে গিয়ে নিজেও নিখোঁজ হন। নিহত হন। কিন্তু এই মানুষটির ব্যাপারে বর্তমান প্রজন্ম কতটা জানে? আমি আজকের ছেলেমেয়েদের কাছে জহির রায়হানকে তুলে ধরতে চেয়েছি।’ বললেন সেন্টু রায়। তিনি জহির রায়হানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন। নাম জহির রায়হান। সেন্টু রায় আরও বললেন, ‘জহির রায়হান নিহত হন ১৯৭২ সালের ৩০ জানুয়ারি। তাঁকে স্মরণে করে আজ জহির রায়হান ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছি; সন্ধ্যা সাড়ে ছয়টায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। তথ্যচিত্রটির উদ্বোধন করবেন কাইয়ুম চৌধুরী।’সেন্টু রায় জানান, জহির রায়হান তথ্যচিত্রে জহির রায়হানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন, সাহিত্য ও চলচ্চিত্রে তাঁর অবদান তুলে ধরা হয়েছে। তিনি চেষ্টা করেছেন একজন পূর্ণাঙ্গ জহির রায়হানকে নতুন করে সামনে নিয়ে আসতে।এই তথ্যচিত্রে রয়েছে আনিসুজ্জামান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, শাহরিয়ার কবির, পান্না কায়সার, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, সৈয়দ হাসান ইমাম, রাজ্জাক, মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, আমির হোসেন, মুখলেসুর রহমান ও অনল রায়হানের সাক্ষাৎকার। তাঁরা জহির রায়হানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।সেন্টু রায় জানান, তথ্যচিত্রটি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় ছয় মাস। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তৈরি তথ্যচিত্রটির ব্যাপ্তি এক ঘণ্টা ২৫ মিনিট।সেন্টু রায় এর আগে আলতাফ মাহমুদকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন। নাম আলতাফ মাহমুদ। তিনি জানালেন, দুটি তথ্যচিত্রই ডিভিডি আকারে বের করার ইচ্ছা আছে তাঁর।