পদ্মা সেতু প্রকল্পের জন্য করা ঋণচুক্তি কার্যকরের মেয়াদ তিন সপ্তাহ বাড়িয়েছে জাপানি ঋণদান সংস্থা জাইকা। গতকাল শুক্রবার মৌখিকভাবে সংস্থাটি ২১ সেপ্টেম্বর পর্যন্ত ঋণের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঋণ কার্যকরের সময়সীমা এক মাস বৃদ্ধি করে আরেক ঋণদানকারী প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, জাইকার একজন কর্মকর্তা তিন সপ্তাহ ঋণচুক্তি কার্যকরের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছেন। এ-সংক্রান্ত চিঠি তৈরি হয়েছে। যেকোনো সময় ইআরডির কাছে চিঠিটি আসবে। পদ্মা সেতু প্রকল্পের জন্য জাইকার সঙ্গে ৪১ কোটি মার্কিন ডলার ঋণসহায়তার চুক্তি করেছে সরকার। এডিবির সঙ্গে ঋণচুক্তি হয়েছে ৬১ কোটি মার্কিন ডলারের। পদ্মা সেতু প্রকল্পে সর্বাধিক ১২০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের। কিন্তু দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে। এই প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকও (আইডিবি) ১৪ কোটি মার্কিন ডলার দেওয়ার জন্য চুক্তি করেছে। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, আইডিবির ঋণ ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। তাই তাদের মেয়াদ বৃদ্ধির কোনো বিষয় নেই।এডিবি ও জাইকার ঋণ কার্যকরের সময়সীমা বৃদ্ধির ফলে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা নিরসনে কিছুটা সময় পেল সরকার। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নসংক্রান্ত জটিলতা নিরসনে সরকারকে চারটি শর্ত দিয়েছিল বিশ্বব্যাংক। শর্তগুলো হচ্ছে: পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমের সঙ্গে বিশ্বব্যাংককে সম্পৃক্ত করা, অভিযুক্ত মন্ত্রী-সরকারি কর্মকর্তাদের ছুটিতে পাঠানো, সেতুর নির্মাণ-প্রক্রিয়ায় বিশ্বব্যাংকসহ দাতাদের সম্পৃক্ততা বাড়ানো এবং প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগ। তিন শর্ত পূরণ হলেও মসিউর রহমানের পদত্যাগের প্রশ্নে পুরো প্রক্রিয়া ঝুলে আছে। অর্থ মন্ত্রণালয় ও সেতু বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বব্যাংকের সব শর্ত পূরণ এবং বিশ্বব্যাংককে অর্থায়নে রাজি করাতে নানা প্রক্রিয়া চলছে। এডিবি ও জাইকাকে সময় বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্যই।