জাইকার সঙ্গে মেট্রোরেলের ঋণচুক্তি সই
বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের জন্য জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) সঙ্গে ঋণচুক্তি সই হয়েছে। আজ বুধবার রূপসী বাংলা হোটেলে জাইকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রায় ছয় হাজার ৩০০ কোটি টাকার চুক্তি সই করেছে। ঋণচুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডি সচিব আবুল কালাম আজাদ এবং জাইকার পক্ষে সংস্থাটির বাংলাদেশের প্রধান তাকাও তোডা। চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ইআরডি সচিব আবুল কালাম আজাদ, জাইকার ভাইস প্রেসিডেন্ট তোসিওকি কুরুনাগি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরু সাদুশিমা এবং জাইকার বাংলাদেশ প্রধান তাকাও তোডা। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত প্রকল্পটির (এমআরটি-৬) অধীন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার মেট্রোরেল হওয়ার কথা।প্রকল্প বাস্তবায়নের সময়তিন পর্বে প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানা গেছে। প্রথম পর্ব পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত ১১ কিলোমিটার ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে। সোনারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৪০ কিলোমিটার দ্বিতীয় পর্ব এবং এটা শেষ করার কথা ২০২০ সালে। উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী পর্যন্ত ৪ দশমিক ৭০ কিলোমিটার শেষ হওয়ার কথা ২০২২ সালে।মেট্রোরেলের পথ ও স্টেশনমেট্রোরেল উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে পল্লবী, রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে সংসদ ভবন ঘেঁষে খামারবাড়ি হয়ে ফার্মগেট, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, প্রেসক্লাব হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। পরে এটি অতীশ দীপঙ্কর সড়ক হয়ে সায়েদাবাদ পর্যন্ত বর্ধিত হওয়ার কথা।উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেলের জন্য ১৬টি স্টেশনের প্রস্তাব করা হয়েছে। এগুলো হচ্ছে: উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি (আইএমটি), মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও হোটেল, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক। মেট্রোরেলের ভাড়া জাইকা মেট্রোরেলের জন্য যে সমীক্ষা করেছে তাতে বলা হয়, ঘণ্টায় যাত্রী বহন করা যাবে প্রায় ৬০ হাজার। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া প্রস্তাব করা হয়েছে ৬০ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা।