পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জন্য জাপানি সংস্থা জাইকার সঙ্গে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকার ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চুক্তিটি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাপানের ঋণ প্রদানকারী সংস্থা জাইকার পক্ষে এদেশীয় প্রধান তাকাও টুডা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যোগাযোগমন্ত্রী জানান, পদ্মা সেতু বাস্তবায়নের জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ২৪ মে এবং জুনের প্রথম সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি সই হবে। গত মাসে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়।পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১৬ হাজার ২৫০ কোটি টাকা এবং সরকার বহন করবে চার হাজার ২৫৭ কোটি টাকা। বিশ্বব্যাংক সহজ শর্তে প্রায় আট হাজার ৪০০ কোটি টাকা ঋণ দেবে। এডিবির প্রতিশ্রুত ঋণের পরিমাণ প্রায় চার হাজার ৩০০ কোটি টাকা। আইডিবি সংযোগ সড়ক নির্মাণে ৯১০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।পদ্মা সেতুর ঋণের বাইরে গতকাল খুলনা ওয়াটার সাপ্লাই প্রকল্পে প্রায় এক হাজার ২৮৭ কোটি টাকা ও এসএমই প্রকল্পে ৪০৯ কোটি টাকার ঋণচুক্তি সই হয়েছে। জাপানের রাষ্ট্রদূত তামুৎসু শিনুৎসুকা ও বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া চুক্তিতে সই করেন।মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং প্রস্থ হবে ২৫ মিটার। চার লেনবিশিষ্ট দ্বিতল এই সেতুর ওপরে যানবাহন চলবে এবং নিচে চলবে ট্রেন। দুই পাড়ে নদী শাসন করা হবে ১৪ কিলোমিটার। সংযোগ সড়ক হবে ১২ দশমিক ১৬ কিলোমিটার। এর মধ্যে ১২ কিলোমিটারই জাজিরা প্রান্তে।আইডিবি সভাপতির বাংলাদেশ সফর: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সভাপতি আহমদ মোহাম্মদ আলী দুই দিনের সফরে ২৩ মে বাংলাদেশে আসবেন। সফরসূচি অনুযায়ী, ওই দিন দুপুরে বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা পাইলট হাইস্কুল প্রাঙ্গণে স্কুল-কাম-ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করবেন তিনি। পরদিন ২৪ মে সকালে অর্থ মন্ত্রণালয়ে ‘পদ্মা বহুমুখী সেতু’ এবং ‘ঘূর্ণিঝড় উপদ্রুত উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ’ প্রকল্পের ঋণচুক্তিতে সই করবেন। এ ছাড়া তিনি সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন।