জাওয়াহিরি আল-কায়েদার নতুন প্রধান
মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আইমান আল-জাওয়াহিরি। গতকাল বৃহস্পতিবার একটি ইসলামি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আল-কায়েদা।বিবৃতিতে বলা হয়, ‘আলাপ-আলোচনার পর শেখ আইমান আল-জাওয়াহিরিকে সংগঠনের নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে আল-কায়েদার জেনারেল কমান্ড।’গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের আকস্মিক অভিযানে নিহত হন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। এরপর আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার নতুন নেতার নাম ঘোষণা করা হলো। এর আগে মিসরীয় বংশোদ্ভূত সাবেক সেনা কর্মকর্তা সাইফ-আল আদেলকে সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিল।মিসরের নাগরিক জাওয়াহিরি দীর্ঘদিন ধরে আল-কায়েদার দ্বিতীয় প্রধান ছিলেন। ৫৯ বছর বয়স্ক জাওয়াহিরি পেশায় একজন শল্য চিকিৎসক। নাইন-ইলেভেনের ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ওসামার মতো তিনিও আত্মগোপন করেন। বিশেষজ্ঞরা মনে করেন, জাওয়াহিরি যথেষ্ট বুদ্ধিমান, তবে ওসামার মতো ক্যারিশমা তাঁর নেই। নাইন-ইলেভেনের হামলার মূল পরিকল্পনা জাওয়াহিরির মাথা থেকেই এসেছিল বলে ধারণা করা হয়।ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর জাওয়াহিরিই এখন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকার এক নম্বরে আছেন। জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার দায়ে তিনি নিজের দেশ মিসরে তিন বছর জেল খেটেছিলেন। এ ছাড়া ১৯৮১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদত হত্যাকাণ্ড এবং ১৯৯৭ সালে মিসরের লুক্সর শহরে পর্যটকদের হত্যাকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।মৃত্যুদণ্ডের আশঙ্কার মুখে গত শতকের আশির দশকে দেশ ছাড়েন জাওয়াহিরি। আশ্রয় নেন সৌদি আরবে। কিন্তু শিগগির চলে যান পাকিস্তানের পেশোয়ার শহরে। তখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নবিরোধী লড়াইয়ের ঘাঁটি ছিল পেশোয়ার। একপর্যায়ে তিনি পাকিস্তান থেকে ঢুকে পড়েন আফগানিস্তানে। যোগ দেন ওসামার বাহিনীর সঙ্গে।ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আল-কায়েদা বলেছে, জাওয়াহিরির নেতৃত্বে তারা যুক্তরাষ্ট্র ও তাদের তাবেদার ইসরালের বিরুদ্ধে অব্যাহতভাবে জিহাদ চালিয়ে যাবে। ইসলামের ভূমি থেকে সব দখলদার সৈন্য বিদায় না নেওয়া পর্যন্ত জিহাদ চলবে।আল-কায়েদা আরও জানায়, তারা কখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে বৈধতা দেবে না। একই সঙ্গে মিসর, তিউনিসিয়া, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও মরোক্কোর দুর্নীতিগ্রস্ত সরকার ও একনায়কদের বিরুদ্ধে নিপীড়িত মানুষের সংগ্রামের প্রতি সমর্থন জানায় আল-কায়েদা। লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার জন্য ওই অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। এএফপি, বিবিসি, রয়টার্স।