জাওয়াহিরিকেও হত্যা করা হবে: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের মতো আল-কায়েদার নতুন প্রধান আইমান আল-জাওয়াহিরিকেও পাকড়াও এবং হত্যা করা হবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন গত বৃহস্পতিবার বলেন, আল-কায়েদা এখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তিনি বলেন, জাওয়াহিরি আল-কায়েদার নতুন প্রধান হওয়ায় তিনি মোটেই অবাক হননি।মাইক মুলেন বলেন, ‘আমরা ওসামা বিন লাদেনকে পাকড়াও এবং হত্যা করতে চেয়েছি...তাঁকে খুঁজে বের করেছি এবং হত্যা করেছি। জাওয়াহিরির ক্ষেত্রেও আমরা ঠিক একই কাজ করব।’ গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের এক বাড়িতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন। বিন লাদেন নিহত হওয়ার পর বৃহস্পতিবার একটি ইসলামি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আল-কায়েদা জানায়, আইমান আল-জাওয়াহিরি সংগঠনটির নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। জাওয়াহিরির নেতৃত্বে আল-কায়েদা যুক্তরাষ্ট্র ও তাদের তাঁবেদার ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহতভাবে জিহাদ চালিয়ে যাবে। ইসলামের ভূমি থেকে সব দখলদার সেনা বিদায় না নেওয়া পর্যন্ত তাদের জিহাদ চলবে।এর আগে জাওয়াহিরি দীর্ঘদিন ধরে আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মার্কিন কর্মকর্তারা ৫৯ বছর বয়সী জাওয়াহিরিকে ‘আরামকেদারার জেনারেল’ হিসেবে বর্ণনা করে বলেছেন, তাঁর যুদ্ধের কোনো অভিজ্ঞতাই নেই। তাঁর যে শুধু ক্যারিশমা ও নেতৃত্বের গুণাবলির অভাব আছে তা-ই নয়, তিনি বিভেদ সৃষ্টিকারীও বটে। জাওয়াহিরি আল-কায়েদায় ভাঙন ধরাতে পারেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, আল-কায়েদার এ ঘোষণা এটা মনে করিয়ে দিচ্ছে যে বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আল-কায়েদা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জায়গা পূরণ করার চেষ্টা করছে। বিন লাদেন আল-কায়েদার সামনে যেসব কর্মসূচি তুলে ধরেছিলেন, সংগঠনটি এখনো তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রবার্ট গেটস আরও বলেন, জাওয়াহিরি কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তিনি (জাওয়াহিরি) মিসরীয় নাগরির হওয়ার কারণে আল-কায়েদার অভ্যন্তরে অবিশ্বাসের সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেন গেটস। কারণ, একজন মিসরীয় বংশোদ্ভূতকে শীর্ষ নেতা হিসেবে সৌদি আরব এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোতে থাকা সংগঠনের অনেক শাখা না-ও মেনে নিতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, মিসরে জিহাদের সঙ্গে জড়িত থাকার সময় কিংবা এখন আল-কায়েদায় দৃঢ় নেতৃত্ব অথবা সাংগঠনিক তেমন কোনো দক্ষতা দেখাতে পারেননি জাওয়াহিরি। কর্মকর্তারা আরও বলেন, জাওয়াহিরির যুদ্ধের কোনো প্রকৃত অভিজ্ঞতাই নেই।জাওয়াহিরি পেশায় একজন শল্যচিকিৎসক। ২০০১ সালের নাইন-ইলেভেনের ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বিন লাদেনের মতো তিনিও আত্মগোপন করেন। বিন লাদেন নিহত হওয়ার পর জাওয়াহিরিই এখন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকার এক নম্বরে আছেন। জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার দায়ে তিনি নিজের দেশ মিসরে তিন বছর জেল খেটেছিলেন। এ ছাড়া ১৯৮১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদত হত্যাকাণ্ড এবং ১৯৯৭ সালে মিসরের লুক্সর শহরে পর্যটকদের হত্যাকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।মার্কিন কর্মকর্তারা আরও বলেন, আল-কায়েদার দায়িত্বে কে রয়েছেন, তা অবশ্য কোনো বিষয় নয়। তার পরও আল-কায়েদার নেতৃত্ব দিতে গিয়ে জাওয়াহিরির সামনে কঠিন সময় আসবে। পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত আল-কায়েদার গুরুত্বপূর্ণ সদস্যরা অব্যাহতভাবে প্রাণ হারাচ্ছেন। এ অবস্থায় পরিকল্পনা বাস্তবায়নের চেয়ে জাওয়াহিরিকে নিজের জীবন রক্ষাতেই মনোযোগ দিতে হবে বেশি। বিবিসি ও এএফপি।