জাকাত নেওয়া হলো না রিজিয়া খাতুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে জাকাত আর নেওয়া হলো না চট্টগ্রামের বোয়ালখালীর বৃদ্ধা রিজিয়া খাতুনের (৫৫)। আজ শনিবার সকালে জাকাত নিতে গিয়ে মানুষের ভিড়ের চাপে লাশ হয়ে ফিরেছেন তিনি।বোয়ালখালীর পশ্চিম কধুরখীল হংস মহাজনের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রিজিয়া খাতুন ছিলেন পাঠানপাড়া এলাকার মৃত ইউসুফ খানের স্ত্রী।জানা গেছে, ওই এলাকার হাজি আবুল হাশেমের বড় ছেলে ইউসুফ আজ জাকাত দেওয়ার ঘোষণা দেন। জাকাত নেওয়ার জন্য হাজার হাজার হতদরিদ্র মানুষ ভোররাত থেকে আবুল হাশেমের বাড়ির সামনে জড়ো হতে থাকে। সকাল সাতটার দিকে বাড়ির প্রধান ফটক খোলার সঙ্গে সঙ্গেই মানুষ হুমড়ি খেয়ে ঢোকার চেষ্টা করে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় রিজিয়া খাতুন মানুষের ভিড়ের মধ্যে পড়ে গেলে মানুষের পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ, গ্রামপুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।