জাকাতের কাপড় নিতে গিয়ে তিন নারীর মৃত্যু
জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলের ফকিরাপুলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন নারী-পুরুষ।গুরুতর আহত রেহানা আক্তার (৩৫) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আক্তার হোসেন (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত দুই নারীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: জরিনা বেগম (৩৬) ও সাজিয়া আক্তার (৩০)। আরেকজনের পরিচয় মেলেনি, বয়স আনুমানিক ৬৫ বছর।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফকিরাপুলের মালেক মার্কেটের অষ্টম তলার ছাদে জাকাত দেওয়া হবে— এমন সংবাদে সকাল থেকে ওই মার্কেটের নিচে ভিড় জমতে থাকে। সন্ধ্যার আগ পর্যন্ত তাঁদের সংখ্যা গিয়ে দাঁড়ায় দুই হাজারের মতো। ইফতারের আগে মার্কেটের কর্মচারীরা কলাপসিবল গেট খুলে দেন। তখন আগে যাওয়ার জন্য দুস্থ ব্যক্তিদের শুরু হয় প্রতিযোগিতা, ধাক্কাধাক্কি। এরই মধ্যে বেশ কয়েকজন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারলেও ভিড়ের ঠেলায় কয়েকজন কলাপসিবল গেটের কাছে মেঝেতে পড়ে যান। এ সময় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পর আয়োজনকারীদের কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ওই মার্কেটের তত্ত্বাবধায়ক আক্তার হোসেনকে আটক করে। প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেন, গেট খুলে দেওয়ামাত্র দুই নারী শাড়িতে প্যাঁচ খেয়ে মেঝেতে পড়ে যান। তাঁদের সঙ্গে পড়ে যান আরও কয়েকজন। তাঁদের শরীরের ওপর দিয়ে যে যেভাবে পেরেছেন চলে গেছেন।মতিঝিল থানার অপারেশন অফিসার সাজ্জাদ হোসেন বলেন, জাকাত নিতে আসা অধিকাংশই নারী। ঘটনার পর মার্কেটের আরেকজন তত্ত্বাবধায়ক নজরুল ইসলামসহ কয়েকজন পলাতক। আয়োজনের ত্রুটি থাকায় এ সমস্যা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, নয় তলার মার্কেটটির মালিক আবদুল মালেক নামের একজন। তিনি গত মে মাসে মারা গেছেন। প্রতিবছর ২৭ রোজায় তিনি গরিবদের মধ্যে কাপড় বিতরণ করলেও এ বছর থেকে সে দায়িত্ব পালন করছেন তাঁর ভায়রা শাহজাহান আলী। মার্কেটটি দেখভাল করেন নজরুল ও আক্তার।আটক আক্তার বলেন, তাঁরা এক হাজার ২০০ জনের জাকাতের কাপড় দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আয়োজনের তুলনায় বেশি লোক চলে এসেছিল। গেট খুলে দেওয়ামাত্র ধাক্কাধাক্কি শুরু হয়।