জাকির নায়েকের সমর্থকেরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে প্রবেশে সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে বিখ্যাত জনসংযোগ ব্যক্তিত্ব ম্যাক্স ক্লিফোর্ডকে নিয়োগ দিয়েছেন ভারতীয় ইসলামি চিন্তাবিদ জাকির নায়েক। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি বুথের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারের দুজন আইনজীবীও ক্লিফোর্ডের সহযোগী হিসেবে থাকবেন বলে জানা গেছে। অন্যদিকে জাকির নায়েকের সমর্থনে সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের শুনানি ধার্য করেছেন। গতকাল বুধবার থেকে শুনানি শুরু হয়েছে। প্রসঙ্গত, ওসামা বিন লাদেনকে সমর্থন করার অভিযোগে যুক্তরাজ্য সরকার চলতি বছরের জুন মাসে জাকির নায়েকের ওপর যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে যুক্তরাজ্যের তিনটি বৃহত্ স্টেডিয়ামে তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল। এ নিষেধাজ্ঞা তাঁর অনেক ভক্তদের হতাশ করলেও সরকারের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট যুক্তরাজ্যের অনেক ধর্মপ্রাণ মুসলমান। আবার নিষেধাজ্ঞাকে সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মের কাছে প্রায় আট হাজার স্বাক্ষরবিশিষ্ট একটি আবেদনপত্রও জমা দেওয়া হয়েছে। ওলামা মাশায়েখ সুন্নি কনফারেন্সের আহ্বায়ক তাহির শাহ বলেন, ‘জাকির নায়েক খ্রিষ্টান, ইহুদি ও হিন্দু ধর্মের কঠোর সমালোচনা করেন। তিনি যে মতাদর্শ লালন করেন, তা কখনো শান্তি বয়ে আনে না। তাঁর বক্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’তবে জাকির নায়েকের সমর্থকেরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাঁরা রীতিমতো বিপুল পরিমাণ অর্থও লগ্নি করেছেন। জাকির নায়েকের সমর্থনে লর্ড নাজির আহমেদ ইতিমধ্যে প্রতিনিধিদল গঠন করেছেন এবং জাকির নায়েকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে দশ ডাউনিং স্ট্রিটে ১০ হাজার স্বাক্ষর বিশিষ্ট একটি আবেদনপত্র জমা দিয়েছেন। নায়েকের সমর্থনে লর্ড নাজির আহমেদ বলেন, ‘যদি যুক্তরাজ্যে ইসলামবিরোধী ডাচ এমপি গ্রিট ওয়াইল্ডারস মুসলমানদের বিরুদ্ধে কথা বলার অনুমতি পান, তাহলে জাকির নায়েক কেন পারবেন না। তিনি তো শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। সরকারের এ সিদ্ধান্ত আইনবহির্ভূত।’ দি নিউজ অনলাইন