জাকির নিহতের ঘটনায় বিএনপির ৩ দিনের কর্মসূচি
বিএনপির নেতা জাকির হোসেন নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।এ কর্মসূচির অধীনে কাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে এবং আসরের নামাজের পর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা, শনিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং রোববার বগুড়ায় অর্ধদিবস হরতাল পালন করা হবে।গতকাল বুধবার রাজশাহীতে দলীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ায় বিএনপির নেতা-কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এতে বিএনপির নেতা জাকির হোসেন নিহত হন। নিহত জাকিরের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।জাকিরের নিহত হওয়ার ঘটনায় গতকাল সিংড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হন।এ সময় মহাসড়কে শতাধিক গাড়ি ও স্থানীয় বাজারের আটটি দোকান ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় সিংড়ার বালুয়াবাসুয়া মহল্লার একটি বাড়িতে।