‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক রাখা কেন অবৈধ হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পাশাপাশি জাকির হোসেনকে আটক রাখার বৈধতা পরীক্ষা করতে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ চার বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শিরোনামে আজ একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জ্যেষ্ঠ আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ আদালতে উপস্থাপন করেন। পরে শুনানি নিয়ে আদালতে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জাকির হোসেনকে আগামী ১৯ জুলাই আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ‘শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের জনৈক জাকির হোসেন। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা ও আন্তরিকতার অভাবে নিজ নামের আরেক ব্যক্তির দণ্ড ভোগ করতে হচ্ছে জাকিরকে। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে বিষয়টির প্রতিকার পাচ্ছেন না গরিব ও নির্দোষ এই ব্যক্তি।জানা যায়, ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে বিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা হয়। পরের বছর ১০ মে একই থানার বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। নামে মিল থাকায় বেপারীপাড়ার পার্শ্ববর্তী হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. জাকির হোসেনকে ২০০৭ সালের ১০ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। এখন তিনি রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর প্রকৃত জাকির এখনো এলাকায় বহাল তবিয়তে অবস্থান করছেন।’