ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পাকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাকিয়াকে উত্ত্যক্তকারী শামীম মণ্ডল ও তাঁর ভগ্নিপতি সালাম মাতুব্বরসহ স্থানীয় বখাটেরা এ হত্যাকাণ্ডের জন্য দায়ী। জাকিয়ার পরিবার, গ্রামবাসী, মানবাধিকারকর্মী, সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বরাত দিয়ে ও তাঁদের বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।ময়নাতদন্তকারী চিকিৎসক আসামির প্রতিবেশী ও ঘনিষ্ঠ হওয়ায় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবিত হয় বলে জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, মেয়েটিকে হত্যা ও ধর্ষণের কোনো আলামত পাননি উল্লেখ করে ময়নাতদন্ত প্রতিবেদন দেন ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক অঞ্জন কুমার দাস। এ ঘটনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন ওই চিকিৎসক। গত ৭ জানুয়ারি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রতিবেদনটি পাঠানো হয়। এ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার প্রতিবেদনটিসহ একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনাটি গর্হিত, নিন্দনীয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশী সালাম মাতুব্বরের স্ত্রী পারভীন বেগম জাকিয়া আক্তারকে কাশিমাবাদ গ্রামের বাড়ি থেকে জরুরি কাজের কথা বলে নিয়ে যান। পরদিন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সোহরাব শেখের মেহগনি বাগানের একটি গাছে জাকিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই জাকিয়ার ভাই হাসিবুল শামীম মণ্ডল (২২), সালাম মাতুব্বর ও তাঁর স্ত্রী পারভীনসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। জাকিয়ার মা-বাবা বেঁচে নেই।গত ৫ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও তদন্ত কর্মকর্তার সমন্বয়ে জাকিয়ার লাশ কবর থেকে ওঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুনঃ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এ বিষয়ে মেডিকেল বোর্ড ময়নাতদন্ত প্রতিবেদনটি মুলতবি রেখেছে বলে জেলা প্রশাসকের প্রতিবেদনে জানানো হয়। এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয় এ পর্যন্ত যেসব তথ্য পেয়েছে তা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এ ছাড়া বর্তমান অবস্থার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে বিষয়টি তদারকি করার অনুরোধ করা হয়েছে। প্রতিবেদনটি অসম্পূর্ণ কি না—জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘জেলা পর্যায় থেকে এর চেয়ে বেশি কিছু উল্লেখ করা সম্ভব নয়। জাকিয়ার ভিসেরা পরীক্ষা করার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত প্রধান রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ওই ভিসেরা প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’