জাগরণ মঞ্চের মিছিল থেকে হরতাল প্রতিরোধের ডাক
জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিরোধের ডাক দিয়ে গতকালও মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বেলা সোয়া ১১টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি কারওয়ান বাজার ঘুরে এসে আবার শাহবাগে ফিরে যায়। জাগরণ মঞ্চের বিভিন্ন সংগঠনের নেতারা মিছিলে অংশ নেন। মিছিলে হরতালবিরোধী স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে কাদের মোল্লাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি তোলা হয়। দুপুর ১২টার দিকে মিছিলটি শাহবাগে ফিরে আসে। মিছিল থেকে মঞ্চের নেতারা জানান, আজ যাত্রাবাড়ীতে জাগরণ মঞ্চের সমাবেশ হবে। ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পরবর্তী সমাবেশ হবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রজন্ম চত্বরে সমাবেশ হবে। সেখানে দেশের বিভিন্ন নারী ও কর্মজীবী নারী সংগঠনকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওই দিনের সমাবেশটি নারীরাই পরিচালনা করবেন বলে মঞ্চ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন।এর আগে সকাল থেকেই মিছিলে যোগ দিতে জড়ো হতে থাকে বিভিন্ন ছাত্র-যুব, পেশাজীবী ও শ্রমিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠন, ব্লগার, ঢাকা ওয়াসার কর্মচারী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মিছিলে যোগ দেন। ছাত্রসংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতারা মিছিলে নেতৃত্ব দেন।হরতালবিরোধী মিছিলের পাশাপাশি শাহবাগের জাগরণ মঞ্চের কাছে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও চলে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ সকাল থেকেই স্বাক্ষরের মাধ্যমে এই দাবিগুলোর পক্ষে তাঁদের সংহতি জানান।গতকাল পর্যন্ত শুধু শাহবাগেই প্রায় চার লাখ মানুষ ছয় দফা দাবির পক্ষে স্বাক্ষর করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা জাগরণ মঞ্চ এবং ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।