জাগরণ সমাবেশ জনসমুদ্র
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে আজ শুক্রবার জাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। শাহবাগের জনস্রোত রূপসী বাংলা হোটেল, কাঁটাবন মোড়, টিএসসি চত্বর ও রমনা উদ্যান ছাড়িয়ে যায়।রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-শিক্ষক, সাধারণ মানুষ, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমিক, দিনমজুরসহ সর্বস্তরের মানুষ আসেন শাহবাগের প্রজন্ম চত্বরে। বিকেল চারটায় জাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। সমাবেশ শেষ হলেও জনস্রোত এখনো অব্যাহত আছে।প্রতিদিনের মতো আজ সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত শাহবাগ। বেলা যত বেড়েছে, বেড়েছে রোদের তীব্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতিবাদী মানুষের ভিড়। শেষ বিকেলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহবাগ।একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শাহবাগের প্রজন্ম চত্বরে জ্বলে ওঠে লাখো মোমবাতি। এরপর ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার আজ বিকেলে শাহবাগে জাগরণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। শাহবাগের আন্দোলনের একাদশতম দিন আজ। সমাবেশকে কেন্দ্র করে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশস্থলে আসার সব কটি প্রবেশপথে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।আন্দোলনের শুরু৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর তাত্ক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক শাহবাগে অবস্থান নেয়। তরুণেরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। ওই দিন বিকেলে খুব ছোট পরিসরে এই প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যা নাগাদ সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ এসে যোগ দিতে থাকেন। তিন দিনের মাথায় গত শুক্রবার লাখো মানুষের মহাসমাবেশে তরুণেরা তাঁদের দাবি তুলে ধরেন এবং মানবতাবিরোধীদের সর্বোচ্চ সাজার রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। তরুণদের অন্য দাবির মধ্যে ছিল: মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। পঁচাত্তরের পর ছেড়ে দেওয়া সব অপরাধীকে ট্রাইব্যুনালে বিচার করা, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা, জামায়াতের অর্থে পরিচালিত সব প্রতিষ্ঠান বর্জন করা, গৃহযুদ্ধের হুমকি দেওয়া জামায়াতের নেতাদের গ্রেপ্তার করা। জেগে উঠল জাতি৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে ধারাবাহিকভাবে চলছে আন্দোলন। দিন-রাতের কোনো ব্যবধান নেই শাহবাগে। টানা রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের মধ্যে। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলছেই। সময় যত গড়াচ্ছে, লোকসমাগম তত বাড়ছে শাহবাগে। সেখানে চলছে প্রতিবাদী তারুণ্যের প্রতিবাদ। মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগ পরিণত হয়েছে বাংলাদেশের কণ্ঠস্বরে। সেই সঙ্গে শাহবাগের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। জেগে উঠেছে জাতি।গত মঙ্গলবার বিকেলে তিন মিনিট নীরবতা পালন করে সারা দেশ। তিন মিনিট স্তব্ধ ছিল শাহবাগ। স্তব্ধ ছিল দেশ।গত বুধবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে এসব দাবি জানিয়ে দিনভর স্লোগান দেওয়া হয়। দুপুরের দিকে খবর আসে, কাদের মোল্লা ও অভিযুক্ত কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। এই খবরের পর সেখানে আনন্দ বয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতির ওই শিখা কেবল শাহবাগেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছে ৫৬ হাজার বর্গমাইলে। দেশের প্রতিটি প্রান্তের মানুষ যে যেখানে ছিলেন, সেখান থেকে একটি করে মোমবাতি জ্বেলে শাহবাগের আন্দোলনের প্রতি তাঁদের একাত্মতা জানান। স্লোগানে মুখরিত শাহবাগ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান।আন্দোলনের সময়সীমা:আয়োজকদের কয়েকজন জানান, এই আন্দোলন আর কত দিন এবং কীভাবে চলবে, তা নিয়ে তাঁরা বেশ কয়েকবার বৈঠক করেছেন। বিশেষ করে ব্যস্ততম শাহবাগ মোড় বন্ধ থাকায় নগরের যানজটের বিষয়টি মাথায় রেখেই এই আলোচনা হয়েছে বলে জানান তাঁরা।একাধিক আয়োজক বলেন, বিষয়টি এখন আর আয়োজকদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ অবস্থায় আন্দোলন কত দিন চলবে, এমন সীমা বেঁধে দিলে মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হয়, তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে।আন্দোলনের আয়োজক ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেছেন, ‘আমাদের আন্দোলনে কিছু কিছু বিজয় এর মধ্যে অর্জিত হয়েছে। আমরা চাই, সাধারণ মানুষ যে লক্ষ্য নিয়ে এই আন্দোলনে নেমেছেন, সেই দাবি পূরণ হোক। তা হলে বলা যাবে চূড়ান্ত বিজয় হয়েছে।’আর কত দিন এই আন্দোলন চলবে—এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘সাধারণ মানুষ এই আন্দোলনে আছেন। তাঁরা স্বেচ্ছায় শাহবাগে আসছেন। তাঁরা মনে করছেন, এই আন্দোলন বন্ধ হলে লক্ষ্য পূরণ না-ও হতে পারে। এই আন্দোলন কত দিন চলবে, তা জনগণই সিদ্ধান্ত নেবেন।’