জাগরণের গানে উদ্দীপ্ত রমনার বটমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর হয়েও যেন ভোর হচ্ছিল না, এমন আবছায়া। ঘাস আর গাছের পাতা তখনো শিশিরভেজা। একসময় গাছগাছালির ডালপালার ফাঁক গলিয়ে উঁকি দিল মিষ্টি রোদ। এমন সময় পুরো এলাকা মুখর হলো মিলিত কণ্ঠের গানে, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে...’। গতকাল শনিবার সকালে রমনার বটমূলের পরিবেশটা ছিল এমন। এখানে আয়োজন করা হয় জাগরণের গান-৪ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। এ আয়োজনে গানে গানে কেটে গেছে বেলা।রমনার বটমূলে সাজানো হয়েছিল সুদৃশ্য মঞ্চ। সুতায় বাঁধা বড় বড় রঙিন বেলুন ভাসছিল উন্মুক্ত মঞ্চের ওপরে। এক পাশে ছবি আঁকায় মগ্ন খুদে আঁকিয়ের দল। মঞ্চে তখন অনুষ্ঠান শুরুর প্রস্তুতি। সমবেত কণ্ঠে গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হলো আনুষ্ঠানিকতার। চার বছর ধরে ধারাবাহিকভাবে জাগরণ সংস্কৃতি ও গবেষণাকেন্দ্র গণসংগীতের অ্যালবাম প্রকাশ করছে। জাগরণের গান-৪ অ্যালবামটিতে মোট ছয়টি সিডিতে ধারণ করা হয়েছে ৭১টি গান। সঙ্গে আছে গানের বাণী, গীতিকার, সুরকার ও প্রথম গায়নের তথ্যসংবলিত পুস্তিকা। একটি সুশোভন বাক্সে করে বাজারজাত করার ব্যবস্থা। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের সম্পাদক মোস্তফা জাহিদ খান জানান, অ্যালবামটি বাজারে ছাড়া হবে আগামীকাল ১৭ ডিসেম্বর। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের বিভিন্ন গান এতে সংকলিত হয়েছে। গণজাগরণমূলক গানগুলোকে বাণীবদ্ধ করে মূল সুরে নতুনভাবে রেকর্ড করে প্রকাশনার উদ্যোগ শুরু হয়েছিল ২০০৯ সালে। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্র সেবার ৭১টি গানের অ্যালবাম প্রকাশ করেছিল। দারুণ সাড়া জাগিয়েছিল সেই গানগুলো। এর ধারাবাহিকতায় গত তিন বছরে প্রকাশিত হয়েছে তিনটি অ্যালবাম। এই চার বছরে ৩০০ গান তার মূল সুর ও বাণীতে ধারণ করার কাজ সম্পন্ন হলো। এতে সহায়তা দিয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সহায়তা দিয়েছে প্রথম আলো, এবিসি রেডিও এবং চ্যানেল আই। সার্বিক ব্যবস্থাপনায় স্টেপ মিডিয়া। সকালে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন। মঞ্চে তখন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত শুরু হয়েছে। তাতে কণ্ঠ মেলালেন শ্রোতারাও। লাল-সবুজ পতাকা উড়ল উদ্যানের উন্মুক্ত চত্বরে। মঞ্চে হাতের ছোট ছোট পতাকা দোলাচ্ছে শিশুর দল। দর্শকেরা সুতা ধরে রাখা শত শত বেলুন ছেড়ে দিয়েছেন। অগণিত কণ্ঠের মিলিত সুর ছড়িয়ে পড়েছে রমনায়, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও শিক্ষাবিদ মুনতাসীর মামুন, বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমাদ, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের অধ্যাপক আবদুল খালেক, সংগীতশিল্পী মিতা হক, খায়রুল আনাম শাকিল প্রমুখ। সঞ্চালনা করেন মুর্শিদ আনোয়ার। অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে ছিল জাগরণের শিল্পীদের সম্মেলক পরিবেশনা। প্রথম পরিবেশনা ছিল ‘জাগো অমৃত পিয়াসী চিত’ গানটি। এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যমের নৃত্যশিল্পীরা। এরপর তাঁদের কণ্ঠে গীত হয় ‘আজ যত যুদ্ধবাজ’, ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’, ‘লাল সালাম’, ‘বলিষ্ঠ দুই হাত’ ও ‘লাখো লাখো হাত মিলেছে আজ’। ‘নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্পন্দনের নৃত্যশিল্পীরা।একক পরিবেশনার শুরুতে ছিল শিল্পী শহীদ কবির কণ্ঠে ‘যেখানে মাটির দাওয়ায়’ গানটি। তার পরই ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা’ গানটি পরিবেশন করেন শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী। তাঁর পরিবেশনা শেষে সম্মেলক কণ্ঠে জাগরণের শিল্পীরা গেয়ে শোনান, ‘বলো বলো রে বলো সবে’ ও ‘ফুলের মত ফুটলো ভোর’। এরপর নন্দিতা সরকার ‘যে তোমারে ছাড়ে ছাড়ুক’ ও রতন কুমার সরকার ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ গেয়ে শোনান। এরপর দুটি সম্মেলক গান, ‘কারা মোর ঘর ভেঙ্গেছে’ ও ‘এমন মানব জনম’। রেজাউল করিম ‘গঙ্গা সিন্ধু নর্মদা’ ও বিমান চন্দ্র বিশ্বাস ‘এই না বাংলাদেশের গান’ পরিবেশন করেন। সম্মেলক কণ্ঠে গীত হয় ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’ গানটি। অনুষ্ঠানে আরও গান করেন ফকির আলমগীর। বিকেল তিনটায় শুরু হওয়া দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলালিংকের জনসংযোগ ও বিপণন বিভাগের প্রধান শরফুদ্দিন আহমেদ চৌধুরী, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মোস্তফা তৌহিদ খান, মোস্তফা জাহীদ খান, মোস্তফা শাহেদ খান প্রমুখ। এ পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর হাতে জাগরণের পক্ষে সম্মানসূচক ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ পর্বের শুরুতে নির্ধারিত অতিথি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও মেজবাহ কামাল উপস্থিত না হলেও পরে অনুষ্ঠান শুরু হলে তাঁরা আসেন এবং বক্তৃতা দেন।দ্বিতীয় পর্বে শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ‘সাঁঝের বেলায়’, নাসিমা খান ‘শুভকর্মেপথে ধরো’, সেমন্তী মঞ্জুরি ‘ও কোকিল রে’, মাহমুদুল হাসান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, দিদারুল করিম ‘ও বগিলারে’, সানোয়ারা জাহান ‘আমায় গেঁথে দাও না’ পরিবেশন করেন। এ ছাড়া ছিল সম্মেলক গান ও গানের সঙ্গে নৃত্য। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।