জাগরণের গানে মুখর সারা বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে প্রাণের উত্তাপ ছড়ানোর উৎসব ছিল সারা দিন। সোহরাওয়ার্দী উদ্যানের শিশিরভেজা সবুজ চত্বরে ছোট ছোট ছেলেমেয়েকে নিয়ে এসেছিলেন বাবা-মায়েরা। তরুণ-তরুণীরা দল বেঁধে। এসেছিলেন প্রবীণ থেকে প্রবীণতর। গানে গানে কেটে গেছে সারা বেলা, গতকাল শনিবার। উপলক্ষ বাঙালির সব সংগ্রামের সঙ্গী উদ্দীপনাময় গণসংগীত থেকে বাছাই করা ৭১টি গানের অ্যালবাম জাগরণের গান ৩-এর আনুষ্ঠানিক উদ্বোধন।৪০ বছর আগে যে মাঠে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার আহ্বান, যে সবুজ চত্বরে ৪০ বছর আগে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার ঘাতকের দল, সেই মাঠ আবার জেগে উঠেছিল গানে গানে। এসব গান বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল তার স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। জাগিয়েছে পরাধীনতার গ্লানিমুক্তির লড়াই থেকে শুরু করে শোষণ-বঞ্চনা-নিপীড়নের বিরুদ্ধে জীবনকে বিকশিত করে তোলার অনিবার্য আন্দোলনে। জাগরণ সংস্কৃতি ও গবেষণাকেন্দ্র দুই বছর ধরে অ্যালবামটি করেছে ৭১টি গণসংগীত নিয়ে। এতে সহায়তা দিয়েছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক, দৈনিক প্রথম আলো, এবিসি রেডিও ও চ্যানেল আই। সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্টেপ মিডিয়া।শিখা চিরন্তন চত্বরে জমকালো মঞ্চ। ডিজিটাল ছাপায় রাজু ভাস্কর্যের প্রতিকৃতি আঁকা বিশালাকার বোর্ড দিয়ে জ্যামিতিক নকশায় সাজানো। ওপরে উড়ছে বড় বড় রঙিন বেলুনের গুচ্ছ। সাজসজ্জাও আয়োজনের বিশালতার সঙ্গে মানানসই। সকালে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছিল মঞ্চের পাশেই। মঞ্চের সামনে খোলা চত্বরে খুদে আঁকিয়েরা ছবি এঁকেছে মূলত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর উদ্বোধক, প্রধান অতিথি ও অন্যান্য অতিথি উত্তোলন করেন জাতীয় পতাকা। জাগরণের শিল্পীরা পরিবেশন করেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে স্পন্দনের নৃত্যশিল্পীরা। এরপর অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক আনিসুজ্জামান জাগরণের গান-৩ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমাদ, জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের সভাপতি আবদুল খালেক প্রমুখ। বক্তারা জাগরণের গান জাতিকে সব সময় জাগিয়ে রাখবে বলে মন্তব্য করেন। পাশাপাশি এই সংকলনের মাধ্যমে বর্তমান তরুণ প্রজন্ম সমৃদ্ধ ইতিহাস জানতে পারবে। জাতির যেকোনো দুঃসময়ে জাগরণের গান জাতিকে সঠিক দিকনির্দেশনা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই জাগরণের শিল্পীরা ‘মুক্ত দেশের গান’, ‘আমার বাংলা মায়ের গান’, ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’সহ বেশ কয়েকটি গান শোনান। শিল্পী কনকচাঁপা পরিবেশন করেন ‘যে দেশের মাটিতে শহীদ মিনার আছে’ ও ‘ঐ পতাকা আমার’, দিদারুল করিম ‘ও কোকিলা রে’, শওকত হায়াত খান ‘বাংলার গান বাংলার প্রাণ’, সানোয়ারা জাহান ‘শাল পিয়ালের দোয়েল’, মাহমুদুল হাসান ‘এ দেশ আমার এ মাটি আমার’ গানগুলো পরিবেশন করেন। স্পন্দনের নৃত্যশিল্পীরা ‘ঘুম আয় রে আয়’, ভাবনার নৃত্যশিল্পীরা ‘আজি সত্য সাগরে’ ও ‘মারো জোয়ান হেইয়ো’ এবং নৃত্যমের শিল্পীরা ‘ধিতাং ধিতাং বোলে’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন। একক আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাশকুর-এ সাত্তার প্রমুখ। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব স্বরকল্পনের বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয়। জাগরণের শিল্পীরা পরিবেশন করেন দলীয় সংগীত। তাঁদের কণ্ঠে ছিল ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘ওরা আমাদের গান গাইতে দেয় নাই’সহ বেশ কয়েকটি গান। ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। এ পর্বের আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন জাগরণের পরিচালক মোস্তফা তৌহিদ খান। একক কণ্ঠে গান শোনান ফাহিম হোসেন চৌধুরী, ডালিয়া নওশিন, বিশ্বজিৎ রায়, ফকির শাহাবুদ্দিন, রুমানা ইসলাম, নাসিমা খান প্রমুখ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন ‘কথা’ ও একক আবৃত্তি করেন বেলায়েত হোসেন। নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। শেষে গান শোনান শিল্পী শ্রীকান্ত আচার্য। আয়োজনের সঞ্চালক ছিলেন মুর্শিদ আনোয়ার।গণসংগীতের ঋদ্ধ ঐতিহ্য স্মরণ করে ২০০৯ সালে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র বাংলালিংকের সঙ্গে যৌথ উদ্যোগে ৭১টি গান নিয়ে জাগরণের গান শীর্ষক গণসংগীতের অ্যালবাম প্রকাশ করে। ২০১০ সালে ১০১টি গণসংগীত নিয়ে প্রকাশ করা হয় জাগরণের গান-এর দ্বিতীয় অ্যালবাম।