জাগো বহ্নিশিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং ‘ইভ টিজিং’ শব্দটি যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। বখাটে ছেলেদের জন্য এটি একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ইভ টিজিংয়ের অর্থ করা যেতে পারে মেয়েদের উত্ত্যক্ত করা বা খারাপভাবে পরিহাস করা। বিশেষ করে স্কুল-কলেজে যেসব মেয়ে যাতায়াত করে, তাদের উদ্দেশে অশালীন বাক্যবাণ ছুড়ে দেওয়া। আমরা আশা করতে পারি, ভদ্র পরিবারের ছেলেরা সাধারণত এসব কাজ করা থেকে বিরত থাকে। তবে সঙ্গদোষ বড় দোষ!ইভ টিজিংয়ের ঘটনায় কেউ কেউ পরিবার ও সমাজকে দায়ী করছেন। আমি দায়ী করছি সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে। আইন যদি খাতির না করে শক্ত হাতে এদের ধরে ত্বরিত শাস্তির ব্যবস্থা করত, তবে পরপর এত সব ঘটনা ঘটত না। সে আশায় গুড়ে বালি! সে জন্য বলছিলাম, মেয়েদের আজ জেগে ওঠার পালা। মেয়েরা! জেগে ওঠো! আর দেরি নয়। ‘হাতে রুলি, পায়ে মল’ পরে, মাথা নত করে ভালো হওয়ার দিন শেষ! আজ এটা সময়ের দাবি। তোমরা তৈরি হও। উল্টো জবাব দিয়ে তবেই ঘরে ফিরবে। এলাকায় দলবেঁধে চলবে। ছোটবেলায় পড়েছিলাম, বার্মায় মেয়েদের রাস্তায় টিটকারি করছিল একদল ছেলে। কাছেই ছিল আখের দোকান। সেখান থেকে তড়িৎগতিতে আখের লাঠি হাতে নিয়ে মেয়েরা ছেলেগুলোকে প্রতিহত করেছিল। তোমাদের তেমনি শক্ত হাতে তাদের উচিত শিক্ষা দিতে হবে। সময় এসেছে, ‘জাগো নারী জাগো, বহ্নিশিখা।’ শুধু নাটক, কবিতা, সেমিনার করে এই বখাটেদের দমন করা যাবে না। ফিরোজা হারুন, মহাখালী।