জাগো সবাই...
‘হ্যাঁলো, ভাইয়া! গুড ইভিনিং, হাউ আর ইউ?’ কিন্নর কণ্ঠটা কানে আসতেই ফিরে চাইতে হলো। শীতে রুক্ষ হয়ে যাওয়া ত্বক মেয়েটির, প্রসাধনীর নামগন্ধ নেই। পরনের কাপড়টাও সস্তা। দুটো পা খালি। এ দেশের আর দশটা গরিব ঘরের বাচ্চার মতোই বৈশিষ্ট্যহীন চেহারা। তফাত কেবল একটা জায়গাতেই—চোখে-মুখে তার অদ্ভুত এক আভা। মানুষ যখন আনন্দে থাকে, তার ভেতরে যখন বাসা করে নেয় স্বপ্ন আর আত্মবিশ্বাস, তখনই কেবল এ আভার দেখা মেলে।বাচ্চা মেয়েটার মুখে অমন অনর্গল ইংরেজি কথা শুনে অন্য কোথাও হলে হয়তো ভিরমি খাওয়ার দশা হতো। কিন্তু এখানে তা হলো না। আসলে এখানে বিস্মিত হতে শুরু করলে থামার সুযোগ খুব একটা নেই। কেননা বঞ্চিত শিশুদের জন্য করা এই স্কুলের বাচ্চারা পড়াশোনা করে ইংরেজি মাধ্যমে। রায়েরবাজার খেলার মাঠের পাশের সেই দোতলা স্কুলটায় নীরবে-নিভৃতে এক বিপ্লব ঘটে গেছে। এর সূচনাটা অবশ্য এ শহরে নয়, সিলেট শহরের কোনো একটা আস্তাকুঁড়ের পাশে। সিলেট শহরে একটা জরিপ চালাতে গিয়ে কয়েকটা পথশিশুর সঙ্গে পরিচয় হয় একুশে পা দেওয়া তরুণ করভী রাখসান্দের। কাজ শেষ করে যখন ফিরতে যাবেন করভী, তখন সেই বাচ্চাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট মেয়েটা তাঁর হাত টেনে ধরল। তারপর আবদারি গলায় বলল, ‘তুমি কি আমার বাবা হবা? আমাকে নিবা তোমার সঙ্গে?’হতভম্ব করা সেই প্রশ্নের জবাব করভীর জানা ছিল না। তাই কোনো জবাব না দিয়েই সেদিন চলে এসেছিলেন তিনি। কিন্তু অবুঝ মেয়েটার করা সেই আকুতিময় প্রশ্নটা তাঁর পিছু ছাড়ে না। ঘুমে, জাগরণে তারিয়ে নিয়ে বেড়ায় তাঁকে দিনের পর দিন। করভী রাখসান্দ তাই একদিন ঠিক করে ফেললেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুগুলোর জন্য তাঁকে কিছু একটা করতে হবে। একদিন বন্ধুবান্ধবকে ডেকে বস্তির গরিব শিশুদের জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল খোলার কথা বললেন। শুনে বন্ধুরা হেসেই খুন। বস্তির পোলাপানের জন্য স্কুল? তাও আবার ইংলিশ মিডিয়াম? কে-ই বা তাতে সায় দেয়? সাতজন বাদে শেষতক সবাই কেটে পড়ল। এই সাত বন্ধুকে নিয়ে শুরু হলো ‘জাগো ফাউন্ডেশন’-এর পথচলা। রায়েরবাজারের সাদেক খান রোডের বস্তির পাশে ঘর ভাড়া নেওয়া হলো। সারা দিন বস্তিতে ঘুরে ঘুরে বাচ্চাদের ধরে আনা হলো স্কুলে। ১৭টি বাচ্চা জুটল প্রথম দফায়। মায়ের ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটা হোয়াইট বোর্ড এনে দেয়ালে বসালেন করভী। এক বড় ভাইয়ের দেওয়া টাকায় কার্পেট কিনে মেঝেতে বসার ব্যবস্থা হলো।ব্যস, শুরু হয়ে গেল স্কুল। কিন্তু সমস্যা হলো, এই বাচ্চাগুলো কাজ করে তাদের সংসারের অর্থ জোগায়। ওরা যদি কাজ বাদ দিয়ে স্কুলে আসে, তাহলে খানিকটা হলেও কমে যাবে সংসারের আয়। তাই সিদ্ধান্ত হলো, এদের স্কুলে ধরে রাখতে প্রত্যেককে প্রতিদিন আধা কেজি করে চাল দেওয়া হবে। প্রথম দিকে নিজেদের পকেট থেকেই এ খরচ মেটাতে হলো করভী ও তাঁর বন্ধুদের। কিছুদিন যাওয়ার পর তাঁদের পরিচিতরাও কেউ কেউ বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। তাতে স্কুল চলছিল ভালোই। কিন্তু ১৭ জন থেকে এর মধ্যেই চল্লিশে দাঁড়িয়ে গেল শিক্ষার্থীর সংখ্যা। খরচটাও বেড়েছে অনেক। টাকার টানাটানিতে কয়েক মাসের বাড়িভাড়া বাকি পড়ল। এর মধ্যেই হঠাৎ করে একদিন বিথী নামের একটি মেয়ে করভীকে বলল, ‘স্যার, আমার আর চালের দরকার নাই। সেই টাকা দিয়ে আপনারা বাসাভাড়া দেন। তবু এই স্কুল যেন বন্ধ না হয়ে যায়।’পরদিন ৪০টি বাচ্চার অভিভাবকেরা এসে হাজির। তাঁদের কারোরই চাল দরকার নেই। সেই পয়সা বাঁচিয়ে স্কুলঘরের ভাড়া মেটাতে বললেন তাঁরা। স্কুলটা যেন এখানেই থাকে। দুই মা তাঁদের গলার চেইন পর্যন্ত খুলে দিলেন। স্কুল তাই টিকে গেল। তারপর দেখতে দেখতে তিন বছর কেটে গেছে। এখন শিক্ষার্থীর সংখ্যা ২৮০। কিন্তু ইংরেজিতে পড়ালেখা কেন? প্রশ্নটা শুনে করভী হাসলেন। বললেন, ‘ইংরেজি না জানলে আজকাল কোথাও ভাল চাকরি পাওয়া যায় না। ওদের কিছু একটা পড়িয়ে দেওয়ার জন্য তো আমরা স্কুল করিনি। ওরা কিছু শিখবে, সে জন্যই আমাদের স্কুল খোলা।’দেশের বিখ্যাত ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর পাঠ্যসূচির আদলে সাজানো হয়েছে এখানকার পাঠ্যক্রম। বাচ্চারা যাতে আনন্দের সঙ্গে পড়া শিখতে পারে, সে জন্যও রয়েছে নানান ব্যবস্থা। কার্টুন দেখে ছড়া কাটা থেকে শুরু করে অনলাইন ভিডিও চ্যাটে বিদেশের স্কুলের ছাত্র-শিক্ষকদের সঙ্গে সময় কাটিয়ে পড়া শেখে ওরা। শুধু পড়ালেখা নয়, তার পাশাপাশি রয়েছে নাচ, গান, নাটক আর আঁকা শেখার ক্লাস। শিশুদের স্বপ্নটাও সে জন্য বিশাল। সেসব নিয়েই কথা হলো বিথী, শিমুল, লিলি আর রাব্বির সঙ্গে। তারা জানাল, বাসার চেয়ে স্কুলেই বেশি সময় কাটাতে ভালো লাগে ওদের। কি ছাত্র আর কি শিক্ষক—সবার ভেতর অদ্ভুত এক প্রাণশক্তি ছড়ানো রয়েছে। এখানকার শিক্ষকেরাও আসলে ছাত্র। দেশের নামকরা ইংরেজি মাধ্যম স্কুলে কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তাঁরা। অভিজাত পরিবারের এই তরুণেরা পড়াশোনার ফাঁকে এখানে এসে বাচ্চাদের পড়ান। তাতে কী যে আনন্দ, সে কথাটা বোঝা গেল এ স্কুলের শিক্ষক মুস্তাগফিরা এষার কথায়, ‘ক্লাসে ঢুকলে বাচ্চারা যখন বলে, গুড মর্নিং মিস, হাউ আর ইউ টু ডে? তখন কী যে ভালো লাগে! এটা জীবনের অনেক বড় প্রাপ্তি!’স্কুলের শিশুদের মেধা নিয়ে গোলাম মোহাম্মদ সোহেল বললেন, ‘ওরা অনেক তুখোড়। অঙ্ক হোক, ইংরেজি হোক, বিজ্ঞান হোক—যেকোনো জিনিস চট করে ধরে ফেলতে পারে। তাই আমারও ভালো লাগে ওদের পড়াতে।’তবে শুধু ছাত্র পড়ানোর মধ্যেই থেমে থাকেনি জাগো ফাউন্ডেশনের উদ্যম। ধনী ঘরে জন্ম নেওয়া ছেলেমেয়েরা যাতে বুঝতে পারে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনটা কেমন, সে জন্য বছরের একটা দিন জাগো ফাউন্ডেশন একটা অদ্ভুত আয়োজন করে। সেদিন শহরের অনেক পথশিশু জাগো ফাউন্ডেশনের আনন্দ আয়োজনে শরিক হয়। সারাটা দিন মজা করে কাটায় তারা। আর ধনীদের ছেলেমেয়েরা রাস্তায়, ট্রাফিক সিগন্যালে ফুল, বেলুন বিক্রি করতে নেমে আসে। শহরের লোকজন তখন অবাক হয়ে দেখে ওদের। দিন শেষে এদের প্রাপ্তিটাও কিন্তু কম নয়। ফুল বেচতে গিয়ে ওরাও টের পায়, এই বাচ্চাগুলোর জীবন আসলে কতটা কঠিন। দিনশেষে যে পরিমাণ টাকা ওঠে, তার পুরোটাই চলে যায় জাগো ফাউন্ডেশনের ছেলেমেয়েদের পড়ালেখার পেছনে।এর বাইরেও জাগোর আমন্ত্রণে সাড়া দিয়ে ২৮০টি শিশুর পড়ালেখার ব্যয়ভার নিয়েছেন এ দেশেরই ২৮০ জন হূদয়বান মানুষ। প্রতি মাসে এক হাজার টাকা করে দেন তাঁরা এই বাচ্চাদের পড়ালেখার খরচ মেটাতে। এ ছাড়া বিভিন্ন সময় জাগো ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়িয়েছে এ দেশেরই বহু হূদয়বান মানুষ আর শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠান। এমনও লোক আছেন, যাঁরা হাত খুলে দান করেছেন, অথচ নিজের নামটা পর্যন্ত জানাননি। তাই দিন দিন বেড়েই চলেছে জাগো ফাউন্ডেশনের পরিধি। বাচ্চাদের জন্য ডাক্তারখানা হয়েছে। সেখানে বিনা পয়সায় চিকিৎসা পায় তারা। বাচ্চাদের বেকার বাবা-মায়েদের জন্য সেলাই শেখানোর কেন্দ্র আছে। তারপর তাঁদের তৈরি করা পণ্য রপ্তানি হয় সুদূর অস্ট্রেলিয়ায়।এদিকে এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে গিয়ে করভীর কিন্তু নাভিশ্বাস ওঠার জোগাড়। এখন এ স্কুলেই আস্তানা গেড়েছেন তিনি। ছাড় দিতে হয়েছে বহু কিছু। প্রাপ্তিও একেবারে কম নয়। খুব শিগগিরই জাগো ফাউন্ডেশনের নতুন স্কুল হচ্ছে বনানীতে। এই তো কিছুদিন আগে ব্রিটেনের প্রিন্স চার্লস তাঁকে বিশেষ সম্মাননা দিতে আমন্ত্রণ করেছিলেন। তবুও করভীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো, তাঁর ছাত্রছাত্রীদের অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা।