‘স্কুল থেকে ফিরে চঞ্চলা বালিকা মাঠে যায় কৃষক বাবার জন্য খাবার নিয়ে। ঘুমপাড়ানি গান আর ছড়া কেটে অতি আদরে মা শিশুকে ঘুম পাড়ান। এর মধ্যে শুরু হলো মুক্তিযুদ্ধ। বাঙালি নেমে পড়ে লড়াইয়ে। রাজাকারের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী এল মাকে ধরে নিতে। ওত পেতে থাকা মুক্তিযোদ্ধার গুলিতে নিহত হলো শত্রুর দল। পুব আকাশে উদিত হলো স্বাধীনতার লাল সূর্য। বালিকা নৃত্যের ছন্দে ওড়াল লাল-সবুজের পতাকা।’ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলো গণিত উৎসবের যশোর অঞ্চলের অনুষ্ঠানে একটি নাটিকার মাধ্যমে এভাবে ফুটিয়ে তোলা হয় গভীর দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চিত্র। আমার স্বদেশ শীর্ষক নাটিকাটি পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এ ছাড়া ছিল কবিতা আবৃত্তি ও নাচ-গানের চমৎকার পরিবেশনা।গতকাল বৃহস্পতিবার যশোর জিলা স্কুল প্রাঙ্গণে এ উৎসব হয়। এতে যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে জেলা প্রশাসক নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।জেলা প্রশাসক উদ্বোধনী বক্তৃতায় বলেন, গণিত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে ভীতি ছিল, এখন আর তা নেই। গণিত উৎসব শিক্ষার্থীদের সেই ভীতি দূর করে দিয়েছে।গণিতবিদ খোদাদাদ খান তাঁর বক্তৃতায় বলেন, পরীক্ষা বা উৎসবে অংশ নেওয়া বড় কথা নয়, সৃজনশীল চেতনা জাগ্রত করাই এ উৎসবের মূল লক্ষ্য।কুষ্টিয়া থেকে উৎসবে যোগ দিতে আসা এক শিক্ষার্থীর মা শাম্মি সুলতানা তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রথম আলোকে বলেন, ‘ভোর ছয়টায় বাড়ি থেকে বের হয়েছি। এ কষ্টকে কোনো কষ্ট মনে হচ্ছে না। কারণ এটা পরীক্ষা নয়, উৎসব। ছয় বছর ধরে ছেলেকে নিয়ে এ উৎসবে যোগ দিচ্ছি। এতে ছেলে খুব উৎসাহ পায়।’সকাল পৌনে দশটা থেকে সোয়া এক ঘণ্টার লিখিত পরীক্ষা শুরু হয় শিক্ষার্থীদের। পরীক্ষা নিয়ন্ত্রণ করেন যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এ পর্বের শুরুতে পরিবেশন করা হয় গণিতের গান। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর শাখা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ গান পরিবেশন করে। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। অঙ্ক ও গণিতের মধ্যে পার্থক্য কী, বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহার কোথায়, শূন্য জোড় না বিজোড় সংখ্যা—এ রকম নানা প্রশ্ন করে শিক্ষার্থীরা গণিতবিদদের কাছে।ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) ঘোষিত বর্ষসেরা নারী উদ্যোক্তা যশোরের তনুজা রহমান বলেন, ‘লেখাপড়া করে চাকরি না পেয়ে ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়ে। অথচ আমি চাকরি ছেড়ে ২০ হাজার টাকা নিয়ে হস্তশিল্পের ব্যবসা শুরু করি। সেই ব্যবসা আজ অনেক বড় হয়েছে। এতে তিন হাজার নারী-পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে।’প্রথম আলোর ফিচার উপসম্পাদক পল্লব মোহাইমেন বলেন, দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশের সমৃদ্ধির জন্য তিনি সবাইকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন গণিতবিদ লুৎফুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসিম মান্নান মোহাম্মদী, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, গণিতবিদ এলিয়াস হোসেন ও প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আকবর আলী। অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনা করে সারাক্ষণ শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও যশোর বন্ধুসভার সভাপতি শুভংকর গুপ্ত।উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার করে।আলোচনার ফাঁকে প্রথম আলোর যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক প্রয়াত অশোক সেনের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।অনুষ্ঠিত হয় রবিকস কিউব প্রতিযোগিতা। ‘আমরা করব জয়’ গান দিয়ে সমাপনী পর্ব শুরু হয়। উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ৬০ জন শিক্ষার্থীকে সনদ ও পদক দেওয়া হয়।জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয় গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে।প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিনা মূল্যে ভোট দিতে উৎসব কম্পিউটারের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে একটি বুথ খোলা হয়। এ ছাড়া গণিতের বই, তাম্রলিপি, সময় প্রকাশনসহ মোট ছয়টি প্রকাশনীর বইয়ের দোকান ছিল।