জাটকাভর্তি ট্রলার ছিনিয়ে নিলেন যুবলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকাভর্তি একটি ট্রলার আটক করেছিলেন মত্স্য কর্মকর্তা। কিন্তু প্রকাশ্যে তাঁর কাছ থেকে ট্রলারটি ছিনিয়ে নিয়েছেন যুবলীগের নেতা মো. হযরত আলী সিকদার। আজ সোমবার বেলা আড়াইটার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ট্রলারে কমপক্ষে ছয় মণ অবৈধ জাটকা ছিল। উপজেলা মত্স্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার প্রথম আলো ডটকমকে জানান, গোপন খবরের ভিত্তিতে আজ দুপুরে ওই লঞ্চঘাট এলাকার নান্না মিয়ার মাছের আড়তের পেছন থেকে অবৈধ জাটকাভর্তি ট্রলারটি তাঁরা আটক করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই কালাইয়া ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হযরত আলী দলবল নিয়ে ট্রলারটি ছিনিয়ে নেন। পরে মাহাবুবু রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। ইউএনও এ বি এম সাদিকুর রহমান জানান, এ ব্যাপারে মত্স্য কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মত্স্য কর্মকর্তা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। যুবলীগের নেতা মো. হযরত আলী সিকদার মুঠোফোনে বলেন, ‘ওই ট্রলারে অল্প কিছু মাছ ছিল। মত্স্য কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। অনুরোধ না রাখায় ট্রলারটি আমি নিয়ে গেছি।’