জাতি এই দ্বৈতনীতি দেখতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা মুখে বলবেন স্বাধীনতার পক্ষের শক্তি, গোপনে আবার যুদ্ধাপরাধীদের পক্ষ নেবেন। ‘জাতি আপনাদের এই দ্বৈতনীতি আর দেখতে চায় না।’ আজ মঙ্গলবার দুপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হকের ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। খবর বাসসের। হানিফ বিরোধী দলকে দ্বৈতনীতি পরিহার করে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে আহ্বান জানান। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, তবে জামায়াতের সঙ্গ ত্যাগ করে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের পাশে দাঁড়ান।’মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির ধারক-বাহকেরা আজ হরতাল ডেকেছে উল্লেখ করে মাহবুব উল আলম বলেন, ‘আজকের হরতাল শুধু জামায়াতের নয়, এটা যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি ও জামায়াতের যৌথ হরতাল। এখানে একজন গোপনে, আরেকজন প্রকাশ্যে হরতাল করছে। বিজয়ের মাসের আজকের হরতালের এ দিনটি কলঙ্কময় দিন হিসেবে চিহ্নিত থাকবে।’বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘৭১-এর পরাজিত শক্তির সঙ্গে এক হয়েছেন (জোট বেঁধেছেন) বলেই কি জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছেন?’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির অস্তিত্ব জামায়াতের সঙ্গে মিশে গেছে। বিএনপি জামায়াত ছাড়া আলাদা চিন্তা করতে পারে না। জামায়াতের সঙ্গে বিএনপির আত্মার মিল। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের আন্দোলনে মূল নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।