অতিথি প্রথম আলো কার্যালয়ে ডাচ নৃবিজ্ঞানী শেন্ডাল
জাতি গঠনে সব গোষ্ঠীর মত আমলে নিতে হবে
বাংলাদেশের জাতীয়তাবাদের ইতিহাস অনেক বেশি অভিজাতদের তৈরি। গ্রামের সাধারণ মানুষের চিন্তা, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা জাতীয়তাবাদের আলোচনায় গুরুত্ব পায়নি। বাঙালি জাতীয়তাবাদ রাষ্ট্রের মধ্যকার অন্যান্য জাতিগোষ্ঠীকে অনেক বেশি কোণঠাসা করেছে।গতকাল মঙ্গলবার প্রথম আলোর কার্যালয়ে এক বক্তৃতায় এসব মন্তব্য করেছেন নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল হিস্ট্রির গবেষক ভেলাম ভান শেন্ডাল। তিনি সত্যিকার অর্থে জাতি গঠনের জন্য সব ধর্ম, মত, জাতি ও গোষ্ঠীর মানুষের মতকে আমলে নেওয়ার পক্ষে মত দেন।১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বিষয়ে গবেষণায় যুক্ত এই নৃবিজ্ঞানীর মতে, স্বাধীনতা-পরবর্তী সময়ের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী মনে হয়েছে।’ চুয়াত্তর সালে বাংলাদেশের মানুষকে অনেক বেশি হতাশাগ্রস্ত ও বিপন্ন মনে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত কয়েক বছরে আমি বাংলাদেশের যেখানেই গিয়েছি, সেখানেই মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও আশাবাদ দেখতে পেয়েছি।’সমাজবিজ্ঞানের গবেষণা উন্নয়ন সংস্থার হাতে ছিনতাই হয়ে গেছে উল্লেখ করে ভান সেন্দেল বলেন, রাষ্ট্রীয় মদদে ইতিহাস নির্মাণ করলে সেখানে সাধারণ মানুষের কথা উঠে আসবে না। জাতীয়তাবাদের কথা বলতে গেলে সমাজের নিচের দিকের মানুষের দিকে তাকাতে হবে। সাধারণ মানুষের কর্মকাণ্ডকে ইতিহাসে তুলে আনতে বাঙালি ছাড়াও চাকমা, গারোসহ ক্ষুদ্র জাতিসত্ত্বার কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসতে হবে।সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ভেলাম ভান সেন্দেলের বাংলাদেশের ইতিহাস বই প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়াবিষয়ক পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অন্তর্ভুক্ত হতো না। কারণ এ বিষয়ে কোনো সাম্প্রতিক বই নেই। বাংলাদেশের ইতিহাস বইটি প্রকাশিত হওয়ার পর এখন সেখানে বাংলাদেশ নিয়ে পড়াশোনা শুরু হয়েছে। বাংলাদেশের গ্রামে শ্রেণীর গঠন নিয়ে নিজের পিএইচডি অভিসন্দর্ভ রচনা করার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের মজুর শ্রেণীর ইতিহাস, ছিটমহলের সমাজ, রেশম শিল্প, নীল চাষ, জাতীয়তাবাদের গঠন ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা নিয়ে নিজের গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।বাঙালি জাতীয়তাবাদের সমস্যা প্রসঙ্গে এই ডাচ্ গবেষক বলেন, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিদেশে পাড়ি জমিয়েছে। উচ্চশিক্ষায় যাঁরা যাচ্ছেন, তাঁরা ছাড়া বাকিদের ধারণা, বাংলাদেশে তাঁরা কর্মসংস্থান পাচ্ছেন না। এই জাতি তাঁদের জন্য কিছু করতে পারছে না। কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের সময় তাঁদের সোনালী অতীতের কথা বলা হয়েছিল। সেই পুরোনো সুন্দর সময়ে ফিরে যাওয়া সম্ভব হবে বলে তাঁদের মনে আশা জাগানো হয়েছিল।