জাতি গঠনের কারিগরেরা লাঞ্ছিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বিচারে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিচ্ছে। আন্দোলনরত শিক্ষকদের ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে। যে শিক্ষক জাতি গঠনের কারিগর, আজ তাঁরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত।’আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ। তিনি বলেন, তাঁরা দুর্নীতি করে শত শত কোটি টাকার পাহাড় বানিয়েছেন। কিন্তু সরকার দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না; বরং বিরোধী দলকে দমানোর জন্য নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একের পর এক মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা চার বছর অপেক্ষা করেছি। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। এ কারণে সরকার আগামীতে ভরাডুবির ভয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।’