৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটি ঘোষণার শতবর্ষ পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পথিকৃত্ কয়েকজন নারীর লেখা থেকে নির্বাচিত অংশ প্রকাশিত হচ্ছে। আজ থাকছে নূরজাহান বেগমের (১৯২৫—) লেখামুসলিমসমাজ আজ এক কঠোর দায়িত্ব গ্রহণের সম্মুখীন। অর্জিত স্বাধীনতার সম্মান ওগৌরব অক্ষুণ্ন রাখতে হলে কেবল পুরুষদেরই নয়, মুসলিম নারীদেরও এগিয়ে আসতে হবে নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে।তার সঙ্গে সঙ্গে ভবিষ্যত্ নারীসমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে করে তারা সেই স্বাধীন-সার্বভৌম আদর্শ মুসলিম রাষ্ট্রের সত্যিকার দাবিদার হতে পারে সগৌরবে।এর জন্য চাই আমাদের মানসিক প্রসার, আশা-আকাঙ্ক্ষার ব্যাপ্তি আর জীবন সম্পর্কে এক স্থির ধারণা।কিন্তু জীবনের প্রতি পরিপূর্ণ দৃষ্টিপাত সম্ভব কেবল সাহিত্য ও শিল্পের মধ্যস্থতার, অথচ সাহিত্য-শিল্পচর্চায় আমরা এখনো উল্লেখযোগ্য স্থান অধিকারে সক্ষম হইনি। এর কারণ নানাবিধ। তবে মেয়েদের জন্য সাময়িক পত্রিকার সম্পূর্ণ অভাব এর প্রধানতম কারণ।সুধী ব্যক্তিরা বলেন, জাতি গঠনের দায়িত্ব প্রধানত নারীসমাজের হাতে—কথাটা অনস্বীকার্য নয়। এই গুরুদায়িত্ব পালন করতে হলে পৃথিবীর কোনো দিক থেকেই চোখ ফিরিয়ে থাকলে আমাদের চলবে না, এ কথাও মানতে হবে। শিল্প-বিজ্ঞান থেকে আরম্ভ করে গৃহকার্য ও সন্তান পালনে—সর্ব ক্ষেত্রে আমরা সত্যিকার নারী হয়ে গড়ে উঠতে চাই।আল্লাহর রহমতে বেগম সাপ্তাহিক পত্রিকারূপে প্রকাশিত হলো।নবজাগ্রত মুসলিম নারীসমাজের আন্তরিক সহযোগিতা পেয়ে বেগম-এর দ্রুত উন্নতি সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। বেগম প্রকাশের ভার আমরা গ্রহণ করলাম। কিন্তু এর দীর্ঘ সময় এবং সমৃদ্ধির দায়িত্ব সমাজের প্রত্যেক নারীর ওপর ন্যস্ত রইল—কারণ মুসলিম নারীসমাজের বাণীবাহক হিসেবে প্রত্যেকেই বেগম-এর সমান দাবিদার। তাদের সর্বপ্রকার সহায়তা সেই দাবিকে প্রতিষ্ঠিত করবে।[২০ জুলাই, ১৯৪৭ প্রকাশিত বেগম পত্রিকার সম্পাদকীয়\ রায়াহানা হোসেন ও কাজী মদিনার তোমারি কথা বলবো বই থেকে নেওয়া]