জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে বীর সন্তানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এক গৌরব ও অহংকারের দিন আজ। ১৯৭১ সালের এই দিন লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর ৯১ হাজার ৫৪৯ জন সদস্য আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে জন্ম হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।বিজয় আনন্দের, বিজয় গৌরবের, বিজয় মাথা তুলে দাঁড়ানোর। কিন্তু বাঙালির বিজয় একই সঙ্গে আনন্দ ও বেদনার। ৩০ লাখ মানুষের আত্মদান, দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪১ বছর পূর্তি উদ্যাপিত হচ্ছে এবার।চার দশকের বেশি সময় ধরে সামরিক শাসন, গণতন্ত্রের জন্য সংগ্রাম, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ আন্দোলনের পাশাপাশি জাতি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সক্রিয় থেকেছে। দারিদ্র্য ও দুর্নীতি থেকে মুক্তির প্রচেষ্টায় যেমন প্রাণপণ চেষ্টা করেছে, তেমনি প্রবল বন্যা, ভয়াবহ জলোচ্ছ্বাসের মতো দৈব-দুর্বিপাক মোকাবিলা করে এগিয়েছে জাতি। অনেক ক্ষেত্রে প্রত্যাশিত লক্ষ্য পূরণ হয়নি, অনেক ক্ষেত্রে হয়তো অগ্রগতি হয়েছে ধীর গতিতে। তাই বলে উদ্যম হারায়নি এ দেশের মানুষ। বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়মোচনের লক্ষ্যে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া। হার না-মানা বাঙালি রায়ের অপেক্ষায় আছে।১৯৭১ সালে চূড়ান্ত বিজয় এলেও বাঙালির এ সংগ্রাম শুরু হয়েছিল ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আত্মচেতনায় দৃপ্ত দেশবাসী অগ্রবর্তী হয়েছিল স্বাধিকারের আন্দোলনে। গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবিতে হলো ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকেরা সরকার গঠনের সুযোগ না দিয়ে রক্তের বন্যায় বাঙালিদের ভাসিয়ে দেওয়ার ঘৃণ্য নীলনকশায় মেতে ওঠে। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়ে বাঙালিদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে নির্দেশ দিলেন। বজ্রনির্ঘোষ কণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।পাকিস্তানি হানাদাররা ২৫ মার্চ রাতে ঘুমন্ত নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় মেতে ওঠে। দেশমাতৃকার বীর সন্তানেরা সামান্য অস্ত্রপাতি আর বুকভরা সাহস নিয়ে পৃথিবীর দুর্ধর্ষ বাহিনীটির হামলা ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মার্চ থেকে ডিসেম্বর—নয় মাসের সংগ্রামে পৃথিবীর মানচিত্রে নতুন করে আঁকা হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমারেখা। বাঙালির রক্তস্নাত মাতৃভূমি ‘বাংলাদেশ’।আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে তার বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে অগণিত মানুষ নিবেদন করবে পুষ্পাঞ্জলি। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীসহ দেশের বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার, এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিজয় দিবস উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করছে এবং বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।আওয়ামী লীগের কর্মসূচি: সূর্যোদয়ের ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হবে।ভোর পৌনে সাতটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। সকাল আটটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিল হবে সকাল ১০টায়।দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিজয় শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমবেত হবে। সেখানে স্থাপিত শিখা চিরন্তনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের সময় বিকেলে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিএনপির কর্মসূচি: মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দুই দিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে আজ বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই জায়গায় আগামীকাল সোমবার বিকেলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে ঘোষিত কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ ঢাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।