আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের কৃতী সন্তানদের হত্যা করে। তার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।পরাজয় আসন্ন জেনে হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। বিজয়ের পর ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় রায়েরবাজার বধ্যভূমিতে। হানাদার বাহিনী হত্যা করে শহীদুল্লা কায়সার, ড. গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, সন্তোষচন্দ্র ভট্টাচার্য, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মুনীরুজ্জামান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, ডা. ফজলে রাব্বি, ডা. আলীম চৌধুরী, ডা. গোলাম মোর্তজা, সিরাজুদ্দীন হোসেন, নিজামুদ্দীন আহমেদ, খন্দকার আবু তালেব, আ ন ম গোলাম মোস্তফা, আলতাফ মাহমুদ, নূতনচন্দ্র সিংহ, আর পি সাহা, আবুল খায়ের, রশীদুল হাসান, সিরাজুল হক খান, ড. মুক্তাদির, ফজলুল মাহি, ড. সাদেক, ড. আমিনুদ্দীন, সায়ীদুল হাসান, সেলিনা পারভীনসহ আরও অনেককে। বিজয়ের আনন্দ সামনে রেখে জাতি আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করবে শহীদ বুদ্ধিজীবীদের। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। আজ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর স্মৃতিসৌধ রাজনৈতিক দল ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব নেসার আহমেদ জানিয়েছেন, আজ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মৃতিসৌধে যাওয়া নিশ্চিত নয়। গতকাল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে বলেন, জাতিকে মেধাশূন্য করার জন্য বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে হত্যা করে। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি সব নাগরিককে একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী জামায়াত চক্রের ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, হানাদার বাহিনীর দোসররা এই দিনে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। তারা ভেবেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে। কর্মসূচি: সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ আজ বিকেল চারটায় দেশের বিভিন্ন জায়গায় শহীদের সমাধি, বধ্যভূমি, অফিস, দোকান, বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ৩০ মিনিটের জন্য শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয়ভাবে সেক্টর কমান্ডারস ফোরাম রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ৩০ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবে। বাংলাদেশ আওয়ামী লীগ বেলা তিনটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বেলা তিনটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে।বিএনপি আজ বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকাল সাড়ে ছয়টায় উপাচার্যের বাসভবনসহ প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলা একাডেমী বেলা সাড়ে তিনটায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একাডেমীর রবীন্দ্রচত্বরে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নজরুল একাডেমি সন্ধ্যা সাড়ে ছয়টায় মগবাজারের একাডেমি ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।