একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সাল। বাঙালির হাজার বছরের ইতিহাসে ভাষাভিত্তিক একটি জাতি হিসেবে আত্মপ্রকাশের ঐতিহাসিক এক সূচনালগ্ন। ভাষা আন্দোলনের শহীদদের রক্তে রাঙানো বাংলা বর্ণমালা বাঙালি জাতির ললাটে এঁকে দিয়েছিল মাতৃভাষা বাংলা অর্জনের জয়টিকা। তাঁদের আত্মত্যাগের কল্যাণে এই দিন থেকে বাঙালি নিজের জাতিসত্তাকে বাঁচাতে মাতৃভাষা বাংলাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এগিয়ে গেছে। ২৭ জানুয়ারি ১৯৫২ সাল। তত্কালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিলেন, ‘উর্দু—কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। প্রতিবাদমুখর বাঙালি রুখে দাঁড়াল এ উক্তির বিরুদ্ধে। ৩০ জানুয়ারি আমতলায় জরুরি মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ৪ ফেব্রুয়ারি ধর্মঘট, সভা ও মিছিল করে শহরের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করবেন। এরপর ৪ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী, এ আন্দোলনকে প্রদেশব্যাপী ছড়িয়ে দেওয়া হলো। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, ধর্মঘট ও মিছিল করে বাংলা ভাষার দাবিকে জোরদার করা হলো। সরকার ভীত হয়ে ২০ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করল।পরদিন বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারি, বাংলা ৮ ফাল্গুন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে জমায়েত হয়েছে। ইতিমধ্যে তিন ট্রাক পুলিশ ও একটি জিপ বিশ্ববিদ্যালয় গেটের মুখে নেমে রাইফেল হাতে হাঁটুভাঙা অবস্থায় অবস্থান নিল। কয়েকজন দিল লাঠি দিয়ে ব্যারিকেড।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোয়াজ্জেম হোসেন কয়েকজন অধ্যাপকসহ এসে ছাত্রছাত্রীদের কাছে ১৪৪ ধারা না ভাঙার অনুরোধ করেন। কিন্ত তারা বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন।দুপুর প্রায় ১২টার দিকে আমতলায় সভা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীউল হক। সর্বদলীয় পরিষদের প্রতিনিধি শামসুল হকের আপসবাদী বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীরা প্রত্যাখ্যান করেন। আব্দুল মতিন ১৪৪ ধারা ভাঙার মতামত উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলে ‘১৪৪ ধারা ভাঙবই ভাঙব’ এ স্বতঃস্ফূর্ত রায় দেন তারা। আব্দুস সামাদ আজাদের প্রস্তাবে ১০ জন করে বেরোবার সিদ্ধান্ত নেওয়া হলো। গ্রেপ্তার এড়ানোর জন্য একজন ছাত্রী থাকবেন সামনে। স্লোগান ওঠে, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘রাজবন্দীদের মুক্তি চাই’, ‘পুলিশি জুলুম চলবে না’, ‘চলো চলো অ্যাসেম্বলি চলো’। ছাত্রছাত্রীদের অনেকেই পুলিশের লাঠির ওপর বা নিচ দিয়ে চলে গেলেন। কিন্তু আমার দৃঢ় প্রত্যয় হলো, ওই ব্যারিকেড না ভাঙা পর্যন্ত ব্যারিকেড ভাঙা হলো না। তাই সিদ্ধান্ত নিলাম, লাঠির বাধা ভেঙে বেরিয়ে যাব। এ উদ্দেশ্যে আমি পুলিশের লাঠি দুই হাতে ধরে সামনে-পেছনে ধাক্কা দিতে শুরু করলাম। সঙ্গে বাকিরাও ধাক্কাতে লাগলেন। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে গেল। সঙ্গে সঙ্গে পুলিশি লাঠিচার্জ শুরু হয়ে গেল। এলাকাজুড়ে টিয়ার গ্যাসের শেল পড়তে থাকল। ইট-পাটকেল ছোড়াছুড়িও শুরু হয়ে গেল। স্লোগান দিতে দিতে অ্যাসেম্বলির দিকে দৌড়ে মেডিকেল মোড়ে পৌঁছে পুলিশের বাধায় আটকে গেলাম। তখনই কোনো রকম হুঁশিয়ারি না দিয়ে পুলিশ বৃষ্টির মতো গুলি চালাতে থাকল ছাত্রদের লক্ষ্য করে। সেখানে একটি রেস্তোরাঁর পাশে স্তুপ করে রাখা রিকশার ভাঙা পাদানির আড়ালে আশ্রয় নিলাম। অনবরত গুলি চলছে। ওপাশেই ড. গনির বাড়ি, মাঝে কাঁটাতারের বেড়া। সিদ্ধান্ত নিলাম অন্য পাশে লাফিয়ে পড়ার। লাফ দিয়ে আমার শাড়ি আটকে যায়। আমার মতো ওখানে লুকিয়ে থাকা একজন মহত্প্রাণ ব্যক্তি শাড়িটি ছাড়িয়ে দিয়েছিলেন। আমি প্রাণে বেঁচে যাই।সরকারি হিসাবমতো, বিকেল তিনটা বেজে ২০ মিনিট। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র রফিকউদ্দিন একুশের প্রথম শহীদ। তাঁর মাথায় গুলি লেগে মগজ ছিটকে পড়ে। দ্বিতীয় শহীদ গফরগাঁও পাঁচুয়ার আব্দুল জব্বার—রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আর ঊরুতে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকতের মৃত্যু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়। গুলিবিদ্ধ আব্দুস সালাম মারা যান হাসপাতালে ৭ এপ্রিল ১৯৫২। একুশের গুলিবর্ষণে আরও একজন যুবক মারা যান মাঠের কোণে। একুশের গুলিবর্ষণে শহীদের সংখ্যা দাঁড়ায় পাঁচে। আহত হন অনেকে। রওশন আরা: ভাষাসৈনিক