জাতিকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধের বিচার চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘জাতিকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। অপরাধীদের ক্ষমা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে চাই।’ আজ বুধবার দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন ও সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে কামরুল ইসলাম এসব কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বার্থে পৃথিবীর কোথাও কোনো বিভাজন নেই। তিনি একাত্তরের মতো বাংলাদেশ রক্ষার স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। বিরোধী দলের তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কামরুল বলেন, ‘দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, হানাহানি হোক, তা আমরা কেউ আর চাই না।’ তিনি বলেন, ‘এখন আর জি-হুজুর মার্কা নির্বাচন কমিশন নেই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে।’ আইনজীবীদের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী বলেন, আইন একটি মহত্ পেশা। কিন্তু আইনজীবীদের মান কমে যাচ্ছে। তাই মান বাড়াতে হবে।মাগুরা জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সিরাজুল আকবর, বীরেন শিকদার, আইনসচিব জহুরুল হক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ, জেলা প্রশাসক মাসুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, মুখ্য বিচারিক হাকিম আবু সাইদ জোয়ার্দ্দার, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ভূপতি রঞ্জন বিশ্বাস প্রমুখ।