জাতিকে বিভ্রান্ত করতে অ্যাটর্নি জেনারেল বক্তব্য দিয়েছেন: টি এইচ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি টি এইচ খান অভিযোগ করেছেন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িসংক্রান্ত মামলাটি বিচারাধীন। এ অবস্থায় জাতিকে বিভ্রান্ত করতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য দিয়েছেন। তবে তাঁর বক্তব্যে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আজ শুক্রবার সকালে বিচারপতি টি এইচ খানের মোহাম্মদপুরের বাসায় খালেদা জিয়ার বাড়িসংক্রান্ত মামলার আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অ্যাটর্নি জেনারেলের গতকালের বক্তব্য খণ্ডন করে এ বক্তব্য দেন। অ্যাটর্নি জেনারেল গতকাল বলেছিলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। আইনজীবীরা স্থগিতাদেশ চাননি। তাই সময়সীমা শেষে খালেদা জিয়া আইনগতভাবে ওই বাড়িতে থাকতে পারেন না। খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে টি এইচ খান আজ বলেছেন, স্থগিতাদেশ চাওয়া হয়নি বলে মাহবুবে আলম যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানান। অপর আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সেটি বিচারাধীন আছে। বিচারাধীন বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। অ্যাটর্নি জেনারেল যে কথা বলেছেন তাতে আদালতের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি আদালত অবমাননা করেছেন বলেও মওদুদ অভিযোগ করেন। তিনি বলেন, উচ্চ আদালত বাড়ি ছাড়ার জন্য খালেদা জিয়াকে সময় বেঁধে দেননি। বরং আদালত সরকারকে বলেছেন, বাড়ি ছাড়ার জন্য যেন খালেদা জিয়াকে কমপক্ষে ৩০ দিন সময় দেওয়া হয়। তাই এ সময়ের মধ্যে বাড়ি না ছাড়লেও তা আদালত অবমাননা হবে না।সংবাদ সম্মেলনে জমিরউদ্দিন সরকার ও মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বাড়ি নিয়ে খালেদা জিয়ার রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। এতে তাঁকে বাড়ি খালি করতে সরকার ও সংশ্লিষ্টদের কমপক্ষে ৩০ দিন সময় দিতে বলা হয়। এ সময়সীমা শেষ আজ শনিবার হচ্ছে। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। এতে রায় স্থগিতের আবেদনও রয়েছে। সর্বশেষ ১০ নভেম্বর আপিল বিভাগ ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেননি।