জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। গতকাল রোববার সংবাদ সম্মেলনে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এ মন্তব্য করেন। তাঁরা বলেন, বিরোধীদলীয় নেত্রী তাঁর শাসনামলে দুর্নীতি ও দুঃশাসনে সফল হয়েছেন। দেশকে জঙ্গিবাদের আস্তানায় পরিণত করেছেন।নেতারা জাতির উদ্দেশে বিরোধীদলীয় নেত্রীর ভাষণ দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, পঞ্চম সংশোধনী বাতিল ও মহাজোট সরকারের দুই বছরের সাফল্যে খালেদা জিয়ার রাজনীতিই শেষ হয়ে গেছে। তাই ঈর্ষান্বিত হয়ে এবং বাড়ি হারানোর ব্যক্তিগত ক্রোধ থেকেই খালেদা জিয়া নির্জলা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন।কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের লালন করছেন। তাঁদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। আমরা স্বাধীনতাবিরোধী এসব যুদ্ধাপরাধীর বিচার করছি। সুতরাং তাঁর দৃষ্টিকোণ থেকে আমরা ব্যর্থ।’ তিনি বলেন, খালেদা জিয়া স্বশিক্ষিত। ছেলেদের পড়াশোনার কথা বলে এরশাদের কাছ থেকে টাকা নিলেও তারা পড়াশোনা করেনি। তাঁর শাসনামলে জঙ্গিবাদ, বাংলা ভাই ও জেএমবির উত্থান ঘটেছিল। ১৮০ কোটি টাকার খাম্বা বিক্রি করলেও বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়নি। তাঁর সময়ে খোলাবাজারে ২৮ টাকা কেজিতে চাল বিক্রি হয়েছে। ৪০-৪২ টাকার নিচে কোনো চাল পাওয়া যায়নি। কৃষক ‘সার কোথায় সার কোথায়’ বলে দ্বারে দ্বারে ঘুরলেও সারের বদলে তাঁদের জীবন দিতে হয়েছে। এখন দোকানদার কৃষককে সার নেওয়ার জন্য হাত ধরে টানাটানি করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে বিরোধীদলীয় নেত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন না। বিশ্বের কোথাও এমন নজির নেই। তিনি অভিযোগ করেন, লুটপাটের হাজার হাজার কোটি টাকা দিয়ে মিডিয়া কিনে খালেদা জিয়া তাঁর বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা করেছেন। মিথ্যাচারের মাধ্যমে সরকারকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করার ব্যর্থ প্রয়াস চালিয়েছেন।