জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে ভাগ করেছিলেন জিয়া ও এরশাদ: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জিয়াউর রহমান ও এরশাদের সময়ের প্রজন্ম ছিল নষ্ট প্রজন্ম। এই স্বৈরশাসকেরা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে ভাগ করেছিলেন। নষ্ট প্রজন্মকে ঠিক করা সম্ভব না। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে, যেন তারা নষ্ট প্রজন্ম থেকে বেঁচে থাকতে পারে।’আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন, নষ্ট প্রজন্মের সব ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন প্রজন্ম তথা শিক্ষার্থীদের বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের পক্ষে থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে। আর মুক্তিযোদ্ধাদেরই এ দায়িত্ব পালন করতে হবে। এ জন্য মুক্তিযোদ্ধাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শোনাতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আমার কাছে মুক্তিযোদ্ধাদের প্রতিটি স্কুলের গভর্নিং বডির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার একটি প্রস্তাব এসেছে। বিষয়টি আমাদের বিবেচনায় আছে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বেগম জিয়াই শুধু রাজাকার গোলাম আযম, নিজামীদের প্রতিষ্ঠিত করেননি, এর শুরু করেছিলেন জিয়াউর রহমান। শাহ আজিজুর রহমানের মতো চিহ্নিত রাজাকারের গাড়িতে দেশের পতাকা উড়িয়েছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই এ ষড়যন্ত্রের সূচনা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, বর্তমানে দেড় লাখ মুক্তিযোদ্ধা দুই হাজার টাকা করে সম্মানি ভাতা পাচ্ছেন। শিগগিরই তালিকাভুক্ত এক লাখ ৮৬ হাজার মুক্তিযোদ্ধাকে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।