জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিংবাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা—এমন আখ্যা দিয়ে এ বিষয়ে পরিপত্র জারি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার সালাম)।আজ সোমবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষকেরা এ দাবি জানান।সংগঠনের সভাপতি আবুল বাশার লিখিত এক বক্তব্যে বলেন, ‘সরকারের এ নীতিমালার পেছনে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।’ এর কারণ হিসেবে তিনি বলেন, এই নীতিমালায় শুধু শিক্ষকদের কোচিং নিষিদ্ধ করা হয়েছে। সারা দেশে ব্যাঙের ছাতার মতো যে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে, তাদের বৈধতা দেওয়া হয়েছে এই নীতিমালা দিয়ে।শিক্ষকদের দাবি, কোচিং বন্ধ করতে হলে সব ধরনের কোচিংই বন্ধ করতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি না করে কোচিং বন্ধ না করার দাবি জানিয়েছেন তাঁরা।শিক্ষকেরা কত শতাংশ বেতন বাড়ানোর দাবি করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি তাঁরা।সংবাদ সম্মেলনে শিক্ষকেরা বলেন, তাঁরা কোনো শিক্ষার্থীকে কোচিংয়ে আসতে বাধ্য করেন না। মূলত কোচিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দিতে পারছেন বলেও দাবি করেন তাঁরা।শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করা, কোচিংয়ে না গেলে নম্বর কমিয়ে দেওয়া—শিক্ষকদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নাকচ করে দেন তাঁরা। কোচিং বন্ধ হলে কেন জাতি মেধাশূন্য হয়ে পড়বে, সাংবাদিকদের এমন প্রশ্নেরও সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি তাঁরা।