জাতিকে স্বস্তি ও নিরাপত্তা দিতে পারে জাতীয় পার্টি: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা-ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে। তিনি বলেন, অতীতে জাতীয় পার্টি যেমন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে, তেমনি ভবিষ্যতেও গোটা জাতিকে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে।আজ শনিবার তাঁর বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভপাতিমণ্ডলীর সদস্য কাজী মাহমুদ হাসান, যোগদানকারী নেতা প্রকৌশলী শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন ভূঁইয়া, রেজাউল করিম বাসেত ও প্রকৌশলী এম এ সাত্তার প্রমুখ। এ সময় নরসিংদী জেলা জাতীয় পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।এরশাদ বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শাসনক্ষমতায় যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সব বিবেচনায় একমাত্র জাতীয় পার্টিকে দিয়েই তেমন সরকার প্রতিষ্ঠিত হতে পারে। আর তাই সচেতন সংগঠক ও নেতৃত্ব এখন জাতীয় পার্টিতে যোগদান করছেন।যোগদানকারী নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে এই যোগদান একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।এর আগে প্রকৌশলী শহিদুল ইসলাম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।