বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করছে না। আজ প্রায় চার দশক পর স্বাধীনতাবিরোধীদের সহযোগীদের বিচারের কথা বলে জাতিকে হানাহানির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। সরকারের এই দুমুখো নীতির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে রুখে দাঁড়াতে হবে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। খালেদা জিয়া দাবি করেন, ‘স্বাধীনতার পরপরই প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়। স্বাধীনতাবিরোধীদেরও তখনকার সরকার ক্ষমা করে দিয়েছিল। এটা আমাদের ব্যর্থতা, আমরা তাঁদের বিচার করতে পারিনি। আজ প্রায় চার দশক পর স্বাধীনতাবিরোধীদের সহযোগীদের বিচারের কথা বলে সাধারণ ক্ষমার কথা ভুলে গিয়ে বর্তমান সরকার আবার জাতিকে হানাহানির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’ তিনি দেশপ্রেমিক জনগণকে এই দুমুখো নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, ‘ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ ও সমাজ গড়ার জন্য জনগণ মুক্তিযুদ্ধ করেছে। আজ সেই মুক্তিযুদ্ধকে জাতির বিভাজনের হাতিয়ার করার অপচেষ্টা চলছে। ইতিহাসের বিকৃতিকে আমরা মেনে নিতে পারি না।’ খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা অনেক হয়েছে, এখনো চলছে। যারা মুক্তিযুদ্ধ করেনি, ভারতে প্রবাসজীবন যাপন করেছে, তারাই নিজেদের মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন সাজাবার চেষ্টা করে। মুক্তিযুদ্ধের সনদ বিতরণকেও দলীয়করণের আওতায় নেওয়া হয়েছে।’ খালেদা জিয়া দাবি করেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ছাড়া আর কোনো সরকার কিছু করেনি। স্বাধীনতার পর অনেক মুক্তিযোদ্ধাকে বন্দী করা হয়েছে। তাঁদের ওপর অত্যাচার চলেছে। স্বাধীনতার পরের তিন বছরেই ৩০ হাজারের বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া বলেন, এখন খুব কঠিন সময় জনগণ পার করছে। সংসদ, প্রশাসন, বিচার বিভাগ সবকিছু দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। সামনে কেবলই অন্ধকার। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধের কারণে যাঁরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন সেই আমলা, সামরিক কর্মকর্তা, বিচারপতিরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছেন না। ফলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানকে যাঁরা স্বাধীনতার ঘোষক বলতে নারাজ তাঁরাই প্রকৃত যুদ্ধাপরাধী। তিনি বলেন, মুনীর চৌধুরীকে বারবার মুক্তিযুদ্ধে অংশ নিতে বলা হলেও তিনি তাতে অংশ নেননি। তিনি ইউনিভার্সিটিতেই ক্লাস নিয়েছেন। কেননা, তাঁর বিশ্বাস ছিল, যেহেতু তিনি পাকিস্তানের বিপক্ষে কিছু বলেননি, তাই তাঁকে মারা হবে না। মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির নেতা ও মুক্তিযোদ্ধা দল ও প্রজন্মের নেতারা বক্তব্য দেন।