জাতিবিদ্বেষ থেকে ভারতীয়কে হত্যা করেন মার্কিন নাগরিক
এক ভারতীয় প্রবাসীকে নিউইয়র্কের পাতালরেলে ধাক্কা দিয়ে ফেলে হত্যার দায়ে আটক মার্কিন নাগরিক এরিকা মেনেনডেজ আজ সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, হিন্দু-ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা থেকে তিনি ওই ভারতীয়কে হত্যা করেন। ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা তাঁর মধ্যে তীব্র জাতিবিদ্বেষ তৈরি করেছিল।‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, স্বীকারোক্তি দেওয়ার সময় ৩১ বছর বয়সী মেনেনডেজ উচ্চ স্বরে হেসে ওঠেন এবং বেশ কিছুক্ষণ হাসতে থাকেন। এরপর বিচারক তাঁর কোনো মানসিক সমস্যা আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেন।সরকারি আইনজীবীরা জানান, শনিবার রাতে এরিকা মেনেনডেজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি ইচ্ছা করে ভারতীয় বাঙালি সুনন্দ সেনকে ধাক্কা দিয়ে ফেলে দেন।কুইন্সের এক আইনজীবীর প্রতিষ্ঠান জানায়, এরিকা আদালতকে বলেন, ‘কোনো কারণ ছিল না। আমি তাকে ধাক্কা দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম ওটা একটা অশোভন কাজ হবে।’আদালতে এরিকা এত জোরে হাসছিলেন যে কুইন্সের ফৌজদারি আদালতের বিচারক জিয়া মরিস এরিকার আইনজীবীকে নির্দেশ দেন, ‘এখনই আপনার মক্কেলের হাসি থামান।’আইনজীবীরা জানান, এরিকা ৪৬ বছর বয়সী সুনন্দকে ধাক্কা দিয়ে হত্যা করেন, কারণ তিনি মনে করেন ৯/১১-এর সন্ত্রাসী হামলার জন্য মুসলমান, হিন্দু ও মিসরীয়রা দায়ী।এরিকা পুলিশকে বলেন, ২০০১ সালে হিন্দু ও মুসলমানরা যেভাবে টুইন টাওয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তেমনি করে তিনিও সুনন্দকে ফেলে দিয়েছিলেন।সুনন্দের বন্ধু ও সহকর্মীরা জানান, তিনি কলকাতার একজন হিন্দুধর্মাবলম্বী। প্রায় এক দশক ধরে তিনি কুইন্স এলাকায় বাস করছিলেন। পেশায় ছিলেন একজন গ্রাফিক ডিজাইনার এবং একটি নকলকারী প্রতিষ্ঠানের মালিক। ঘটনার দিন সুনন্দ ম্যানহাটন থেকে কুইন্স পর্যন্ত চলাচলকারী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকছিল, তখন এরিকা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ছুটে পালিয়ে যান।প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে তাঁর চেহারার বর্ণনা দেন। পরে পুলিশ তাঁকে শনাক্ত করে এবং বিভিন্ন জায়গায় তাঁর ছবি সাঁটিয়ে দেয়। একজন পথচারী এরিকাকে পথে দেখে চিনতে পারেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।আগামী ১৪ জানুয়ারি এরিকার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।