জাতির আনন্দে শরিক হতে না পারাটা দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই জাতির আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা প্রধান বিরোধী দলের মধ্যে অনুপস্থিত। আর এ ধরনের মানসিকতা দুর্ভাগ্যজনক। পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বলেছেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে ইটলসের রায়ের পর না জেনেই সরকারকে ধন্যবাদ জানিয়েছিল বিএনপি। কিন্তু ওই রায় নিয়ে ‘শুভংকরের ফাঁকি’ আছে জানতে পেরে ধন্যবাদ ফিরিয়ে নিয়েছে প্রধান বিরোধী দল।বিএনপির নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় দীপু মনি বলেন, ‘প্রধান বিরোধী দল সমুদ্রসীমা নিষ্পত্তির রায়ের একরকম প্রতিক্রিয়া দিয়েছিল। বিরোধীদলীয় নেত্রী সংসদে এ ব্যাপারে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি এখন সংসদে সে বক্তব্য প্রত্যাহার করবেন কি না জানি না। সে বক্তব্য তিনি কীভাবে ফিরিয়ে নেবেন এটি তাঁদের বিষয়।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে শুধু এটুকুই বলব, স্বাধীনতার পর জাতির জীবনে এত বড় একটি সুসংবাদ কখনো আসেনি। দুই প্রতিবেশীর সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে যে মামলা করেছি, তাতে মিয়ানমারের সঙ্গে রায়ের পর বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এতে জাতি অত্যন্ত খুশি। জাতির আনন্দে শরিক হতে না পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিজেদের ব্যর্থতা ঢাকতে আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা এদের মাঝে অনুপস্থিত। কারণ এ জয় বাংলাদেশের প্রতিটি মানুষের জয়।’পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন মামলার রায়ে দুই পক্ষই ন্যায্য রায় পেয়েছে। এটি দুই দেশেরই জয়। তিনি বলেন, কোনো মামলায় ন্যায্য রায় হলে দুই পক্ষই ন্যায্য সুবিধা পায়। তেমনি এ ক্ষেত্রেও বাংলাদেশ ও মিয়ানমার ন্যায্য সুবিধা পেয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, সমুদ্রসীমা মামলার রায় নিয়ে গোপনীয়তার কিছু নেই। সবকিছুই আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইটে রয়েছে। সমুদ্র আইন ও মামলা সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁরা ওয়েবসাইট থেকে পড়ে এ সম্পর্কে জেনে নিতে পারেন। তিনি বলেন, ‘যাঁরা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মানসিকতা পোষণ করেন, এটি বড় লজ্জাজনক। এ ধরনের লজ্জাজনক ও ন্যক্কারজনক মানসিকতার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়: পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে দূর করার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসবাদীদের জন্য ব্যবহূত হতে দেবে না বলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।বাংলাদেশে এখনো সন্ত্রাসীরা তত্পর বলে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর দূতের মন্তব্যের জবাবে দীপু মনি এ কথা বলেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিশেষ দূত সতিন্দর কে লাম্বা গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সেমিনারে বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।রূপরেখা চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে: যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত রূপরেখা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দীপু মনি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রূপরেখা বাণিজ্যচুক্তির বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি প্রায় শেষ পর্যায়ে। আশা করি আলোচনার মাধ্যমে দূরত্ব কেটে যাবে।’কোন জায়গায় দূরত্ব আছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী প্রশ্নটি এড়িয়ে যান। তিনি বলেন, ‘প্রস্তাবিত চুক্তিতে কাজের পরিবেশ, শ্রমিক অধিকার ও বাণিজ্যের শর্তের বিষয়গুলো রয়েছে। এসব বিষয়ে আমরা প্রায় ঐকমত্যের জায়গায় পৌঁছে গেছি।’