জাতির কলঙ্ক মোচনের কাজ করছে তরুণেরা: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তরুণেরাই ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণ-অভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। এরই ধারাবাহিকতায় তরুণেরাই আবারও আজ জাতির কলঙ্ক মোচনের জন্য কাজ করে যাচ্ছে, যা খুবই অবিস্মরণীয় ও অভাবনীয়। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়া থানার মইজ্জারটেক এলাকার কালারপোল সেতুর পুনর্নির্মাণকাজের উদ্বোধন করতে গিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, বিরোধী শক্তিকে দুর্বল মনে করলে চলবে না। তারা অস্ত্র ও অর্থবলে খুবই সংগঠিত। তাই খুবই পরিকল্পিত ও ঠান্ডা মাথায় তরুণ সমাজের এ গণজাগরণকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে। চক্রান্তকারীরা এই আন্দোলন নস্যাত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই সবাইকে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ারা-পশ্চিম পটিয়ার সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরীসহ স্থানীয় নেতারা।