জাতির ক্রান্তিকালে জনগণই ভরসা: হাবিবুর রহমান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘জাতির যেকোনো ক্রান্তিকালে আমাদের অবশ্যই জনগণ ও তাদের শুভবুদ্ধির ওপর আস্থা রাখতে হবে। মধ্যস্থতার জন্য বিচারক কিংবা জেনারেলের কাছে ছুটে যাওয়া উচিত নয়।’‘বাংলাদেশের ৪০ বছর: অতীত ও ভবিষ্যত্’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ শনিবার বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এ মন্তব্য করেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নিং স্টাডিজ (আইজিএস) লন্ডনের ইউনিভার্সিটি অব বাথের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজের (সিডিএস) সহায়তায় এ সম্মেলনের আয়োজন করে।মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমরা রাজনীতিবিদদের প্রশংসায় পঞ্চমুখ থাকি আর তাঁদের ভাসিয়ে দিই স্তুতির বন্যায়। কিন্তু জাতির জীবনে যেসব কালিমাচিহ্ন রয়েছে, তা মুছে ফেলতে আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। এর আংশিক কারণ হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো অদক্ষ, অপ্রত্যাশিতভাবে অলস এবং দুর্নীতিপরায়ণ।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করেছি। আত্ম-মর্যাদাসম্পন্ন জাতি কখনো এ দৃষ্টান্ত অনুসরণ করতে পারে না। পৃথিবীতে এমন দেশও রয়েছে, যেখানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর ক্ষমতা হস্তান্তর হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির অনুপস্থিতিতে। এ দেশের নির্বাচিত সরকারগুলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে এ পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি।বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে হাবিবুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ড—সেটি আন্দোলন কিংবা ধর্মের নামে হোক, অথবা আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারেই হোক, তা নিন্দনীয়। অপরাধীকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে হবে। তাঁকে ক্রসফায়ারে নিশ্চিহ্ন করে দেওয়ার মাঝে কোনো কৃতিত্ব নেই।’বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন কমিশনকে শক্তিশালী করাটা জরুরি। স্বাধীনতার ৪০ বছর পর এসে আমরা যদি গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করতে না পারি, তবে জাতি হিসেবে সেটি আমাদের ব্যর্থতার মধ্যেই পড়ে।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।