জাতির জন্য ক্ষতিকর কিছুই গ্রহণ করবে না সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার জাতির জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই গ্রহণ করবে না। আজ মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার শান্তি ও সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং সব বিতর্কিত বিষয়ের শান্তিপূর্ণ সমাধান চায়। শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হচ্ছে—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কারও সঙ্গেই আপস করব না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আয়তনের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও জাতি হিসেবে আমাদের নিজস্ব ঐতিহ্য এবং গর্ব করার অনেক কিছু রয়েছে। তিনি ভবিষ্যতে জাতির যেকোনো প্রয়োজনে ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রয়েছে বিশাল জনসম্পদ ও অফুরন্ত সম্ভাবনা। বাঙালি হিসেবে ইতিমধ্যে আমরা বিশ্বের দরবারে নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।’ বাসস।