জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিচ্ছেন না। দেশটির দক্ষিণাঞ্চলে চলমান ভয়াবহ বন্যার কারণে তিনি তাঁর এ সফর বাতিল করেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আজ শুক্রবার জানানো হয়েছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, ‘বন্যার কারণে প্রধানমন্ত্রী তাঁর সফর বাতিল করেছেন। এখন সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কাল (শনিবার) থেকে প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় যাবেন এবং ত্রাণ তত্পরতা তত্ত্বাবধান করবেন।’গত মাসের শেষ দিক থেকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। এ বন্যায় এখন পর্যন্ত প্রায় ২৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১২ লাখ মানুষের ঘরবাড়ি বিনষ্ট বা ধ্বংস হয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে প্রায় ৪৫ লাখ একর জমি।গত বছরও পাকিস্তানে স্মরণকালের মধ্যে ভয়াবহ বন্যা হয়। ওই বন্যায় প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং প্রায় এক কোটি ১০ লাখ লোক বাস্তুচ্যুত হয়। বন্যা-পরবর্তী যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সে সময় পাকিস্তানের নেতারা সমালোচিত হন। ত্রাণ তত্পরতায় ধীর পদক্ষেপের জন্য এবারও দেশটির সরকার সমালোচিত হয়েছে।