জাতিসংঘ পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি), বিশেষ করে শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় সাফল্যের জন্য বাংলাদেশ জাতিসংঘ পদক (অ্যাওয়ার্ড) পেয়েছে। নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ম্যানহাটনের একটি হোটেলে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক গ্রহণ করেন। এর আগে রোববার দুপুরে প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে পৌঁছান।জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের পাশাপাশি উচ্চপর্যায়ের এমডিজি সম্মেলনের এক দিন আগে বাংলাদেশসহ ছয়টি দেশকে এ পদক দেওয়া হয়। পদক প্রদান কমিটি এমডিজির লক্ষ্য অর্জন প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। পদক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘এ পুরস্কার আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। সাম্প্রতিক বিশ্বমন্দা, বিশ্ব-উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সত্ত্বেও ২০১৫ সাল নাগাদ এমডিজির লক্ষ্য অর্জন প্রচেষ্টায় আমরা কোনো রকম ছাড় দিইনি।’অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আজমিনা সিদ্দিকীসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিমানবন্দরে পক্ষে-বিপক্ষে স্লোগান: রোববার বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণের আগেই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। অন্যদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শনের জন্য উপস্থিত হলে উত্তেজনা শুরু হয়। দুই পক্ষে স্লোগান ও পাল্টা স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির বিক্ষোভকারীদের ধাওয়া করেন। প্রতিপক্ষের হাতে বেধড়ক পিটুনির শিকার হন যুক্তরাষ্ট্রে বিএনপির নেতা কামাল পাশা ও তাঁর ছেলে।বিমানবন্দরে বাংলাদেশিদের এ উচ্ছৃঙ্খল আচরণের জন্য নিরাপত্তাকর্মীরা এক ব্যক্তিকে আটক করেছেন। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত আক্রামুল কাদের, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেই ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। নিউইয়র্ক অবস্থানকালে তিনি হোটেলেই অবস্থান করবেন।উল্লেখ্য, ৬৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক গেছেন। ২৩ সেপ্টেম্বর থেকে অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হবে। ২৫ সেপ্টেম্বর বিকেলের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন।