জাতিসংঘ মানবাধিকার পরিষদের আদিবাসী অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘ মানবাধিকার পরিষদের উদ্যোগে ‘এক্সপার্ট মেকানিজম অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’-এর তৃতীয় অধিবেশন গত সোমবার থেকে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ অধিবেশনে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ৫০০ আদিবাসী নেতা, সদস্যরাষ্ট্র্রগুলোর প্রতিনিধি, জাতিসংঘের বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা অধিবেশনে অংশ নেন।এবারের অধিবেশনে ‘সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় আদিবাসীদের অংশগ্রহণের অধিকার’ শীর্ষক একটি গবেষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে। গবেষণার ফলাফল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ১৫তম অধিবেশনে উপস্থাপন করা হবে। গবেষণায় আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড, আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও নিজস্ব সামাজিক সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়া, আদিবাসী প্রতিষ্ঠান ও সংগঠন, আদিবাসী সংসদ ও পার্লামেন্ট, সিদ্ধান্ত গ্রহণে আদিবাসী নারীদের ভূমিকা, স্বশাসনব্যবস্থার পরিবর্তন ও চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।উদ্বোধনী অধিবেশনে মানবাধিকার পরিষদের হাইকমিশনার নাভানেথিম পিলে বলেন, বিশ্বের সব অঞ্চলে আদিবাসী জনগণ বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছে। ভূমির অধিকার শুধু নয়, বেঁচে থাকার অধিকার থেকেও তাঁরা বঞ্চিত। তিনি আরও বলেন, ‘আমাদের মানবাধিকারের উন্নতির স্বীকৃতি ও উৎসব করলেই হবে না, মনে রাখতে হবে, অতীতে আদিবাসীদের অধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে।’নাভানেথিম বলেন, আদিবাসীদের সহায়তায় চলতি বছর ‘জাতিসংঘ-আদিবাসী অংশীদারি’ নামের একটি প্রকল্পে মানবাধিকার পরিষদ আইএলও এবং ইউএনডিপিকে নিয়ে যৌথভাবে রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করবে।অধিবেশনে আরও বক্তব্য দেন মানবাধিকার পরিষদের সভাপতি রাষ্ট্রদূত সিহাসাক পুয়াংকেকেউ ও মালয়েশিয়ার জেনি লাসিমবাং। অধিবেশনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চাকমা রাজা দেবাশীষ রায়, বিধায়ক চাকমা, মৃণাল কান্তি ত্রিপুরা, তুলি লাবণ্য ম্রং, পান্না হাউই এবং আইএলও ঢাকা কার্যালয়ের অভিলাষ ত্রিপুরা। ভারত, নেপালসহ এশিয়ার অনেক দেশের প্রতিনিধিরা অংশ নিলেও প্রথম দিন বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে অধিবেশনে দেখা যায়নি।