সৌদি আরবে আট বাংলাদেশিসহ ১০ ব্যক্তির শিরশ্ছেদ করার ঘটনায় গতকাল মঙ্গলবার গভীর হতাশা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের আইন স্থগিত রাখার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থা।মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মুখপাত্র রুপার্ট কলভিল বলেন, ‘গত শুক্রবার সৌদি আরবে আট বিদেশি শ্রমিকসহ ১০ জনের প্রকাশ্য শিরশ্ছেদের ঘটনায় আমরা গভীরভাবে হতাশ ও মর্মাহত।’মুখপাত্র বলেন, চলতি বছর সৌদি আরবে ২০ জন বিদেশি শ্রমিকের শিরশ্ছেদ করা হয়েছে।কলভিল বলেন, শুক্রবারের ঘটনায় দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ ছিল এবং বাংলাদেশের দূতাবাসও বিচার-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল।তবে সৌদি আরবে এমন কিছু পরিস্থিতি রয়েছে, বিশেষ করে বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে, যেখানে আইনি সহায়তার দিকটা কখনো কখনো ত্রুটিপূর্ণ হয়ে থাকে।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি সৌদি আরব এবং এখনো যেসব দেশে মৃত্যুদণ্ডের আইন রয়েছে, সেসব দেশের প্রতি মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া ব্যক্তিদের মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।সৌদি আরবে গুদাম থেকে পণ্যসামগ্রী চুরি ও মিসরীয় এক প্রহরীকে হত্যার ঘটনায় গত শুক্রবার আট বাংলাদেশির শিরশ্ছেদ করা হয়। একই দিন দুই সৌদি নাগরিকেরও শিরশ্ছেদ করা হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মৃত্যুদণ্ড মওকুফ করার জন্য সৌদি সরকারের কাছে আবেদন জানালেও কোনো লাভ হয়নি। এএফপি।