জাতিসংঘ শান্তি মিশন থেকে সেনাবাহিনীর আয় গত অর্থবছরে ৯০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ২০০৯-১০ অর্থবছরে জাতিসংঘ শান্তি মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৯০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, যার মধ্যে সেনা সদস্যদের বেতন-ভাতা বাবদ আয় হয়েছে ৫৬০ কোটি এবং অস্ত্রশস্ত্র, যানবাহন ও অন্যান্য সরঞ্জামের বিপরীতে আয় হয়েছে ৩৪০ কোটি টাকা।সেনা সদস্যদের বেতন-ভাতা ছাড়া মিশন থেকে অর্জিত অবশিষ্ট সমুদয় অর্থই সরকারি কোষাগারে জমা হয়ে থাকে।আজ মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।১৯৮৮ সাল থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৮৬ হাজার ৫০০ জন সদস্য এ পর্যন্ত জাতিসংঘ শান্তি মিশন সম্পন্ন করেছেন এবং বর্তমানে প্রায় আট হাজার সদস্য বিভিন্ন দেশে মোতায়েন রয়েছেন। এর মধ্যে কঙ্গো, আইভোরি কোস্ট, সুদান, লাইবেরিয়া, দারফুর (পশ্চিম সুদান), পশ্চিম সাহারা, পূর্ব তিমুর, সোমালিয়া, সেনেগাল ও পশ্চিম আফ্রিকায় বিভিন্ন পদবির সেনা সদস্যরা নিয়োজিত আছেন।উল্লেখ্য, একক সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে প্রেরিত সেনাসদস্য সংখ্যা এ বছরে আরও বাড়ায় এ অর্থবছরে দেশ আরও বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলে আশা করা যাচ্ছে।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অবস্থায় ২৪ জন অফিসারসহ মোট ৮৮ জন সেনাসদস্য এ পর্যন্ত প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন ১১০ জন। বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে জাতিসংঘের তত্কালীন মহাসচিব কফি আনান নিহত ৫০ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’-এ ভূষিত করেন, যাঁরা ২০০২-২০০৫ সাল পর্যন্ত শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকাকালে নিহত হন। এসব পদক ছাড়াও শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অনেক সেনাসদস্য তাঁদের দৃষ্টান্তমূলক কাজের জন্য জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও ফোর্স কমান্ডারের প্রশংসাপত্র অর্জন করেছেন।বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস রেনাটা লক ডেসালিয়েন বলেন, ‘বাংলাদেশি নীল হেলমেটধারীরা অনন্য মর্যাদা ও সাহসের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেসব গ্রাম ও শহরে বাংলাদেশি নীল হেলমেটধারীরা মোতায়েন রয়েছেন, শুধু সেখানেই নয়, তাঁদের এই সুনাম আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃতি পেয়েছে এবং উচ্চ সম্মানে ভূষিত হচ্ছে।’-বাসস