জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নীতিনির্ধারক পর্যায়ে আরও নিয়োগ করার আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক সেনা প্রেরণকারী দেশ হিসেবে মিশনের সদর দপ্তরে নীতিনির্ধারক পর্যায়ে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কর্মকর্তা নিয়োগ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১০-১১ গ্র্যাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ইতিমধ্যে শান্তিরক্ষা মিশনের বেশ কিছু নীতিনির্ধারণী পদ ও পদবি দেওয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ থেকে ওই সব পদে আরও কর্মকর্তা নিয়োগ করা হবে।’শেখ হাসিনা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা, গণতন্ত্রের উত্তরণ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছেন। তাঁদের সাফল্যে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।অনুষ্ঠানে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবিন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই কোর্সে ১৮টি দেশের ৩৯ জনসহ সশস্ত্র বাহিনীর ১৭৫ জন সদস্য অংশ নেন। দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মিসর, ভারত, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সুদান, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, তুরস্ক, ইউএসএ, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। প্রধানমন্ত্রী ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বাসস