জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের সংখ্যা এখন সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখন সর্বোচ্চসংখ্যক সদস্য সরবরাহকারী দেশ। গত মঙ্গলবার শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার জন্য একটি নতুন দল ঢাকা ত্যাগ করার পর বাংলাদেশ এ অবস্থানে পৌঁছল। এর আগে শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক সদস্য প্রেরণকারী দেশ ছিল পাকিস্তান। মিশনে এ নতুন দলটি যোগ দেওয়ায় বাংলাদেশ এখন তালিকার শীর্ষে।এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্বে নিয়োজিত আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যালেইন লে রয় বলেছেন, জাতিসংঘ কার্যক্রমের জন্য বাংলাদেশ থেকে আরও সামরিক সরঞ্জামও আনা হবে। বিশেষ করে বিভিন্ন শান্তি মিশনের জন্য হেলিকপ্টার এবং ফ্রিগেট বাংলাদেশ থেকে আনার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী গতকাল বুধবার জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সর্বোচ্চ শান্তিরক্ষী সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশকে সিদ্ধান্ত গ্রহণ (পলিসি মেকিং) পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। আইনের শাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতাকে জাতিসংঘ শান্তি মিশনে কাজে লাগানোর জন্যও অনুরোধ জানান তিনি। তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন এবং মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জামাল।