জাতিসংঘ শান্তিরক্ষীদের বেতন বৃদ্ধি পেল
জাতিসংঘ শান্তিরক্ষীদের নয় মাসের জন্য ছয় কোটি মার্কিন ডলার (৬০ মিলিয়ন) বেতন বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের বাজেট ও প্রশাসন-সংক্রান্ত পঞ্চম কমিটিতে গতকাল মঙ্গলবার শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছয় কোটি মার্কিন ডলার জাতিসংঘ মিশনে কর্মরত শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে জাতিসংঘে কর্মরত শান্তিরক্ষীদের সংখ্যার অনুপাতে ভাগ করে দেওয়া হবে। এটি হবে তাঁদের জন্য বর্তমানে নির্ধারিত মাসিক এক হাজার ২৮ মার্কিন ডলারের অতিরিক্ত। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে ঢাকায় পাঠানো এক বার্তায় আজ বুধবার এ কথা বলা হয়।বিরাজমান অর্থনৈতিক মন্দার কারণে পশ্চিমা দেশগুলোর চাপে শান্তিরক্ষার মোট বাজেট সাত-আট বিলিয়ন থেকে কমিয়ে ৭.৩১ বিলিয়ন ডলার করা হলেও সেনা প্রেরণকারী দেশগুলোর চাপে শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই প্রক্রিয়ায় বাংলাদেশ প্রধানতম সেনা প্রেরণকারী দেশ হিসেবে প্রধান ভূমিকা পালন করে।উল্লে¬খ্য, শান্তিরক্ষীদের লজিস্টিকসসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ হলো বাজেট ও প্রশাসন-সংক্রান্ত পঞ্চম কমিটি। ওই কমিটিতে অন্যান্য সেনা প্রেরণকারী দেশগুলোর সহযোগিতায় এটা হলো জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের তৃতীয়বারের মতো উল্লে¬খযোগ্য সাফল্য। এর আগে এ মিশনের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সালে শান্তিরক্ষীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ ৫০ হাজার মার্কিন ডলার থেকে ৭০ হাজার মার্কিন ডলারে উন্নীত করা হয় এবং ২০১১ সালে শান্তিরক্ষীদের বেতন ২০১১-১২ অর্থবছরের জন্য এককালীন ৮৫ মিলিয়ন ইউএস ডলার বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া শান্তিরক্ষা-সংক্রান্ত নীতি-নির্ধারণী পর্যায় বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীর আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনার জন্য ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন (ডিপিকেও) ও ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্টে (ডিএফএস) এই চাকরির ক্ষেত্রে সেনা প্রেরণকারী দেশগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আগামী বাজেট সেশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে।উল্লে¬খ্য, বর্তমানে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং এর সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে ১০ হাজার। গত তিন বছরে বাংলাদেশ মোট ৪২ হাজার ২৪৯ জন শান্তিরক্ষী পাঠায় এবং এর মধ্যে ৩৪ হাজার ৪৫৪ জন সেনাবাহিনীর এবং সাত হাজার ৪২৯ জন পুলিশ সদস্য। এ সংখ্যা সর্বকালের শ্রেষ্ঠ। কারণ, ২০০১ থেকে ২০০৪ সালে শান্তিরক্ষীর মোট সংখ্যা ছিল যথাক্রমে ১৮ হাজার ২২৫ জন সেনাবাহিনী এবং ৪৯১ জন পুলিশ সদস্য। জাতিসংঘের প্রতি ১০ জন শান্তিরক্ষীর মধ্যে একজন বাংলাদেশি এবং বাংলাদেশ মিশন এসব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বিশ্ব মন্দার কারণে ধনী দেশগুলো শান্তিরক্ষা বাজেট কমানোর জোর তাগিদ দিচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিন বছরে পর্যায়ক্রমে প্রায় ১২ হাজার শান্তিরক্ষী বাহিনী কমানো হবে।