জাতিসংঘে আহমাদিনেজাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রসহ ৩২ দেশের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের উদ্বোধনী দিনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বক্তব্যের প্রতিবাদ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তারা অধিবেশন থেকে ‘ওয়াকআউট’ করেছে।মাহমুদ আহমাদিনেজাদ গতকাল বৃহস্পতিবার তাঁর বক্তব্যে বলেন, কেউ কেউ ১১ সেপ্টেম্বরের হামলাকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখে থাকেন।তাঁর এই বক্তব্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ আরও ৩২টি দেশের প্রতিনিধিরা অধিবেশন থেকে ‘ওয়াকআউট’ করেন। এই ওয়াকআউটে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও কোস্টারিকা ছিল। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও আহমাদিনেজাদ ছিলেন অকুতোভয়। প্রতিবাদের মুখেও তিনি তাঁর বক্তব্য চালিয়ে যান। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ইহুদিবাদ ও ইসরায়েলকে আক্রমণ করে বক্তব্য দেন।ইরানের প্রেসিডেন্ট বলেন, আগামী বছর তিনি সন্ত্রাসবাদের ওপর একটি সম্মেলনের আয়োজন করতে পারেন এবং ২০১১ সাল হবে পরমাণু নিরস্ত্রীকরণের বছর। তিনি ইরানের পরমাণু অস্ত্র নির্মাণের বিষয়টি অস্বীকার করেন।বক্তব্যের শুরুতেই আহমাদিনেজাদ বর্তমান বিশ্বব্যবস্থা ও পুঁজিবাদের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, মহানবীর মতো ব্যক্তির দ্বারা বিশ্ব পরিচালিত হওয়া উচিত।তাঁর বক্তব্যের সময় অধিবেশনকক্ষের অর্ধেকেরও বেশি অংশ ছিল ফাঁকা এবং পশ্চিমা দেশগুলোর নেতারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আলাদা বৈঠকে ব্যস্ত ছিলেন। বিবিসি।