জাতিসংঘে আহমাদিনেজাদের বক্তব্যের নিন্দা জানালেন ওবামা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ যে বক্তব্য রেখেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আহমেদিনেজাদ গত বৃহস্পতিবার জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ৯/১১ নিয়ে কিছু বিতর্কিত উক্তি করেন।আহমেদিনেজাদের বক্তব্যকে ওবামা ‘ঘৃণ্য’ ও ‘আক্রমণাত্মক’ হিসেবে অভিহিত করেছেন।বিবিসির ফার্সি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা আহমেদিনেজাদের ভাষণের নিন্দা জানান। ইরান ও আফগানিস্তানে বিবিসির এই চ্যানেলটি প্রচার করা হয়।জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে আহমেদিনেজাদ বলেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে ৯/১১-এর হামলার পেছনে যুক্তরাষ্ট্রই দায়ী। আহমাদিনেজাদের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ ৩২ দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ওয়াক আউট করেন। ওবামা আহমাদিনেজাদের এ ধরনের মন্তব্যকে অমার্জনীয় বলে অভিহিত করেছেন। অবশ্য এ ঘটনার পরের দিনই গতকাল শুক্রবার আহমাদিনেজাদ তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন এবং ৯/১১-এর ঘটনার তদন্ত দাবি করেন।আহমাদিনেজাদ বলেন, ‘আমি আমার ব্যক্তিগত মতামত দিইনি। কিন্তু আপনারা কি মনে করেন না, ওই ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করার সময় এসেছে? তদন্ত কমিটির লক্ষ্য হবে, কে আসল অপরাধী, কে আল-কায়েদা, কোথায় আল-কায়েদা আছে, কে আল-কায়েদাকে সমর্থন দিয়েছে—এ সব কিছুই উন্মোচন করা।’